প্রকাশের তারিখঃ Nov 28, 2025 ইং
ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’: চার বন্দরে ২ নম্বর সংকেত
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ এর প্রভাবে বাংলাদেশের চার সমুদ্রবন্দর— চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (২৮ নভেম্বর) প্রকাশিত এক বিশেষ আবহাওয়ার বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর কারণে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে গভীর সাগরে যেতে নিষেধ করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ বর্তমানে শ্রীলঙ্কা উপকূল ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। শুক্রবার দুপুর ১২টায় ঘূর্ণিঝড়টির অবস্থান ছিল চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৯৪০ কি.মি. দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৮৮৫ কি.মি. দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ১৮২০ কি.মি. দক্ষিণপশ্চিমে ও পায়রা সমুদ্রবন্দর থেকে ১৮২০ কি.মি. দক্ষিণপশ্চিমে।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে জানানো হয়েছে।
Copyright © 2026 All rights reserved.