প্রকাশের তারিখঃ Nov 29, 2025 ইং
জুডিশিয়ারিতে উত্তীর্ণ হয়েও গেজেট বঞ্চিত ১৩ মেধাবী
১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (বিজেএস) পরীক্ষায় চূড়ান্তভাবে সফল হয়ে কমিশনের সুপারিশ লাভ করার পরও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৩ জন মেধাবী প্রার্থীকে নিয়োগ গেজেটে স্থান দেওয়া হয়নি। ২০২৫ সালের ২৩ ফেব্রুয়ারি ১০২ জনকে সুপারিশ করা হলেও, ২৭ নভেম্বর আইন মন্ত্রণালয়ের প্রকাশিত গেজেটে কারণ উল্লেখ না করেই সুপারিশপ্রাপ্ত ১৩ জনের নাম বাদ দেওয়া হয়।
গেজেটভুক্ত না হওয়া এসব প্রার্থীর মধ্যে রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, জগন্নাথ, বরিশাল ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন। ভুক্তভোগীরা বলছেন, ব্যক্তিগত নয়, বরং আত্মীয়স্বজনের রাজনৈতিক পরিচয়ের কারণে গোয়েন্দা রিপোর্টে তাঁদের নাম বাদ পড়েছে, যা ন্যায়সংগত প্রশাসনিক ব্যবস্থার পরিপন্থী।
২০২৪ সালের অক্টোবরে লিখিত এবং ২০২৫ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে মৌখিক পরীক্ষা শেষে কমিশন মোট ১০২ জনকে নিয়োগের জন্য সুপারিশ করে। দীর্ঘ অপেক্ষার পর গেজেটে মাত্র ৮৮ জনকে নিয়োগ দেওয়া হলে বাকি ১৩ জন প্রার্থী বাদ পড়েন।
গেজেটবঞ্চিত এসব শিক্ষার্থীর অভিযোগ, তাঁদের কারও বিরুদ্ধেই কোনো রাজনৈতিক বিতর্ক বা ফৌজদারি মামলা নেই। সম্পূর্ণ মেধা, যোগ্যতা এবং প্রতিযোগিতার ভিত্তিতে তাঁরা অন্তর্বর্তী সরকারের আমলে বিচারক হওয়ার সুপারিশ পেয়েছিলেন। তাঁদের মতে, আত্মীয়স্বজনের রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে গোয়েন্দা রিপোর্ট তৈরি করা হয়েছে, যা চরম বৈষম্য।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৫তম মেধাক্রমে সুপারিশপ্রাপ্ত তানসেনা হোসেন মনীষা বলেন, মেডিকেল ও ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করা সত্ত্বেও গেজেটে তাঁর নাম নেই এবং কেন বাদ দেওয়া হলো, তা তিনি জানেন না। এই সিদ্ধান্তে তিনি মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছেন।
আরেক ভুক্তভোগী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাইমন সৈয়দ জানান, তিনি বা তাঁর পরিবারের কেউই রাজনীতির সঙ্গে যুক্ত না হওয়া সত্ত্বেও নাম বাদ পড়ায় তাঁর ৮৬ বছর বয়সী অসুস্থ মা ভীষণ কষ্টে আছেন। ভুক্তভোগীরা বৈষম্য দূর করে দ্রুত গেজেট প্রকাশের মাধ্যমে বাকিদের সঙ্গে ১ ডিসেম্বর যোগ দেওয়ার দাবি জানিয়েছেন।
এদিকে, এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দীন খান এটিকে 'চরম অযৌক্তিক' আখ্যা দিয়ে বলেন, পৃথিবীর কোথাও বাবার পরিচয়ে ছেলের চাকরি হয় না। বাবার জন্য ছেলে চাকরি পাবে না এটা গ্রহণযোগ্য নয়। কর্তৃপক্ষের এটি পুনর্মূল্যায়ন করা উচিত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক আবু নাসের মোহাম্মদ ওয়াহিদ এই সিদ্ধান্তকে 'গণআকাঙ্ক্ষার পরিপন্থী' বলে মন্তব্য করেন।
Copyright © 2026 All rights reserved.