প্রকাশের তারিখঃ Nov 29, 2025 ইং
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’: ট্রলারকে উপকূলে থাকার নির্দেশ
শ্রীলঙ্কা উপকূল ও সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে দেশের চারটি প্রধান সমুদ্র বন্দর— চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (২৯ নভেম্বর) সকালে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান এই তথ্য জানান। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর খুবই উত্তাল থাকায় মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করে উপকূলের কাছাকাছি নিরাপদ আশ্রয়ে থাকতে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ সকাল ৬টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৮৮০ কি.মি., কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৮৩০ কি.মি., মোংলা সমুদ্রবন্দর থেকে ১৭৫০ কি.মি. এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৭৫৫ কি.মি. দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে এবং এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি নিরাপদ আশ্রয়ে থাকতে কঠোরভাবে পরামর্শ দেওয়া হয়েছে।
Copyright © 2026 All rights reserved.