প্রকাশের তারিখঃ Nov 29, 2025 ইং
৮ দফা দাবি না মানলে রাজপথে নামার হুঁশিয়ারি নার্সদের
স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে ভিন্ন অধিদপ্তরে একীভূত করার প্রচেষ্টা বন্ধ করা এবং জাতীয় নার্সিং কমিশন গঠনসহ আট দফা দাবি না মানলে দেশব্যাপী কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ন্যাব)।
শনিবার (২৯ নভেম্বর) সকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন ন্যাবের কেন্দ্রীয় সভাপতি বিলকিছ জাহান চৌধুরী। তিনি বলেন, স্বাস্থ্যসেবার গুণগত মানোন্নয়নে প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত সংস্কারের জন্য এই দাবিগুলো অনতিবিলম্বে মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে ন্যাবের কেন্দ্রীয় সভাপতি বিলকিছ জাহান চৌধুরী আট দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে অন্য অধিদপ্তরের সঙ্গে একীভূত করার অপচেষ্টা বন্ধ করা এবং জাতীয় নার্সিং কমিশন গঠন করা।
এছাড়া, নার্সিং সুপারভাইজার ও ইন্সট্রাক্টর পদ দুটিকে দশম থেকে নবম গ্রেডে উন্নীত করা, ডিপ্লোমা নার্স-মিডওয়াইফদের সনদকে স্নাতক (পাস) সমমান ঘোষণা এবং সব গ্র্যাজুয়েটের জন্য প্রফেশনাল বিসিএস চালু করার দাবিও জানানো হয়। পাশাপাশি নার্সদের ঝুঁকি ভাতাসহ নার্সিং ইউনিফর্ম পরিবর্তন ও শয্যা রোগী-চিকিৎসক অনুপাতে নার্স-মিডওয়াইফদের পদ তৈরি ও নিয়োগের দাবিও রয়েছে।
বিলকিছ জাহান চৌধুরী বলেন, ন্যায্য দাবি আদায়ে দীর্ঘদিন লড়াই চালিয়েও কোনো সমাধান না পাওয়ায় তাঁরা রাজপথে নামতে বাধ্য হবেন। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে প্রতিষ্ঠিত স্বতন্ত্র নার্সিং প্রশাসন সেবা পরিদপ্তরকে বিলুপ্ত করার যে অপচেষ্টা চলছে, তা অবিলম্বে বন্ধ করতে হবে। এই দাবিগুলো কোনো ব্যক্তিগত চাওয়া নয়, বরং দেশের স্বাস্থ্যসেবার গুণগত মানোন্নয়নে প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত সংস্কারের দাবি।
সংবাদ সম্মেলনে ন্যাবের সহসভাপতি ফিরোজা খাতুন, জেসমিন আক্তার, মহাসচিব আকরাম আলীসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
Copyright © 2026 All rights reserved.