প্রকাশের তারিখঃ Nov 29, 2025 ইং
জানুয়ারির শুরুতেই সব বই পাবে শিক্ষার্থীরা: শিক্ষা উপদেষ্টা
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার নিশ্চয়তা দিয়ে বলেছেন, আগামী বছরের শুরুতেই শিক্ষার্থীরা সব নতুন বই হাতে পাবে। তিনি জানান, জেলা পর্যায়ে এরই মধ্যে বেশিরভাগ বই পৌঁছে গেছে, ফলে জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই বিতরণ সম্ভব হবে।
শনিবার (২৯ নভেম্বর) বেলা ১১টার দিকে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার আরও বলেন, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নই এখন তাঁদের মূল লক্ষ্য। তাঁর মতে, আগে উন্নয়ন বিভিন্ন খাতে হলেও মূল উদ্দেশ্যটি কেন্দ্রীয় গুরুত্ব পায়নি। তিনি জানান, প্রাথমিক শিক্ষার প্রধান লক্ষ্য হলো— একজন শিক্ষার্থী যেন মাতৃভাষায় সাবলীলভাবে পড়ে বুঝতে পারে ও লিখে প্রকাশ করতে পারে (ভাষাগত স্বাক্ষরতা)। একইসঙ্গে প্রাথমিক গাণিতিক নিয়মগুলো (যোগ, বিয়োগ, গুণ, ভাগ) সঠিকভাবে প্রয়োগ করে সমস্যা সমাধান করতে পারাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, এসব ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং তা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া, যেসব বিদ্যালয় ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে, সেগুলো দ্রুত মেরামতের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষকদের বেতন গ্রেড উন্নীতকরণ প্রসঙ্গে তিনি বলেন, প্রাথমিক শিক্ষকদের উন্নতির জন্য সরকার সবসময় কাজ করে যাচ্ছে। প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড দেওয়া হয়েছে এবং সহকারী শিক্ষকদেরও ১১তম গ্রেড দেওয়া যায় কি না, সে বিষয়ে তাঁরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এর আগে, এদিন সকাল সাড়ে ১০টায় ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে 'পিইডিপি-৪ এর চাহিদাভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের আওতায় অবকাঠামো নির্মাণ কার্যক্রম সম্পাপ্তির কৌশল নির্ধারণ' বিষয়ক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্টদের দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান। সেমিনারে সভাপতিত্ব করেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান।
Copyright © 2026 All rights reserved.