প্রকাশের তারিখঃ Nov 29, 2025 ইং
সিঙ্গাপুরে ১১ বাংলাদেশি অভিবাসী শ্রমিক গ্রেপ্তার
সিঙ্গাপুরের উডল্যান্ডস এলাকায় একটি আবাসনে অভিযান চালিয়ে মাদক সংশ্লিষ্ট অপরাধের সঙ্গে জড়িত সন্দেহে অন্তত ১২ জন অভিবাসী শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ১১ জনই বাংলাদেশি নাগরিক।
সিঙ্গাপুরের সেন্ট্রাল নারকোটিকস ব্যুরো (সিএনবি) বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এই অভিযান চালায়। গ্রেপ্তারকৃত প্রবাসী শ্রমিকদের বয়স ২৩ থেকে ৪০ বছরের মধ্যে। সিএনবির বিবৃতিতে বলা হয়েছে, ৩৪ বছর বয়সী একজন বাংলাদেশিকে মাদক পাচার ও মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। মাদকদ্রব্যের বিরুদ্ধে সিঙ্গাপুরের কঠোর অবস্থানের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
সিঙ্গাপুরের সংবাদমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমস জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে সেন্ট্রাল নারকোটিকস ব্যুরো (সিএনবি), হেলথ সায়েন্সেস অথরিটি, ইমিগ্রেশন অ্যান্ড চেকপয়েন্টস অথরিটি, জনশক্তি মন্ত্রণালয় এবং পুলিশের কর্মকর্তারা সমন্বিতভাবে চার ঘণ্টার এই অভিযান পরিচালনা করেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে ১১ জন বাংলাদেশি এবং একজন মিয়ানমারের নাগরিক।
অভিযানের সময় গণমাধ্যম প্রতিনিধিদের ঘটনাস্থলে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। ডরমিটরির একটি কক্ষে চারজন অভিবাসী শ্রমিককে হাত পেছনে বাঁধা অবস্থায় বসে থাকতে দেখা যায়। আরেকজনের কক্ষ থেকে একটি কাঁচের বোতল, কাটা স্ট্র, রাবারের টিউবসহ মাদক সেবনের বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। এগুলো প্রমাণ হিসেবে সিল করে রাখা হয়েছে।
সিএনবির ডেপুটি কমান্ডিং অফিসার সুপারিনটেনডেন্ট জ্যান্থাস টং হিয়েং জি বলেন, মাদক সেবন, পাচার এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড মোকাবিলা করার প্রচেষ্টার অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, সিঙ্গাপুরে মাদকের কোনো স্থান নেই, তা সমাজে, কর্মস্থলে কিংবা ডরমিটরিতে হোক না কেন।
উল্লেখ্য, সিএনবির প্রকাশিত বার্ষিক পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে মোট ৩ হাজার ১১৯ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছিল। যদিও এই সংখ্যা আগের বছরের তুলনায় সামান্য কম, তবে নতুন মাদকসেবীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৬৬ জনে।
Copyright © 2026 All rights reserved.