প্রকাশের তারিখঃ Nov 29, 2025 ইং
শিশুদের প্রতি যৌন নির্যাতন 'মানবজাতির বিরুদ্ধে নিকৃষ্ট পাপ': আল-আজহার
শিশুদের প্রতি সাম্প্রতিক ধারাবাহিক যৌন নিপীড়নের নির্মম ঘটনাগুলোকে 'মানবজাতির বিরুদ্ধে নিকৃষ্ট পাপ' হিসেবে আখ্যা দিয়ে কঠোর বার্তা দিয়েছে বিশ্বমানবতার অন্যতম শীর্ষ ধর্মীয় ও নৈতিক প্রতিষ্ঠান আল-আজহার বিশ্ববিদ্যালয়।
শনিবার (২৯ নভেম্বর) প্রকাশিত এক বার্তায় আল-আজহার বলেছে, এই অপরাধের স্থান কোনো সভ্য সমাজে নেই এবং এটি মানুষের জন্মগত নৈতিকতা ও মমতার ওপর আঘাত। প্রতিষ্ঠানটি শিশু নির্যাতনের শাস্তি সর্বোচ্চ কঠোর স্তরে উন্নীত করার আহ্বান জানিয়েছে, যেন সম্ভাব্য অপরাধীদের মনে ভয় জাগে। একই সঙ্গে, আক্রান্ত শিশুদের মানসিক সহায়তায় মনোবিজ্ঞানী ও ধর্মীয় পরামর্শকদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে এবং অভিভাবকদের প্রতি ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আল-আজহার বিশ্ববিদ্যালয় কায়রো থেকে এক কঠোর ও স্পষ্ট বার্তায় জানিয়েছে, শিশুদের ওপর যৌন সহিংসতার ঘটনা কেবল আইনের দৃষ্টিতে অপরাধ নয়, এটি মানুষের নৈতিকতা ও করুণার ওপর আঘাত। তাদের মতে, যারা শিশুদের সুরক্ষা দেওয়ার কথা, সেই বড়দের দ্বারাই শিশুদের শরীর, মন ও আত্মসম্মান বীভৎস নিষ্ঠুরতায় গুঁড়িয়ে দেওয়া হচ্ছে, যা সমাজের শান্তিকে অশান্তির অন্ধকারে ডুবিয়ে দেয়।
আল-আজহার শিশু নির্যাতনের শাস্তি সর্বোচ্চ কঠোর স্তরে উন্নীত করার আহ্বান জানিয়েছে। প্রতিষ্ঠানটি বলেছে, যারা শিশুদের নিষ্পাপত্বকে নোংরা আনন্দ বা বাণিজ্যের পণ্যে পরিণত করে, তাদের প্রতি কোনো দয়া দেখানো মানবতার বিরুদ্ধে বিদ্রোহ। কঠোরতার পাশাপাশি প্রতিষ্ঠানটি আক্রান্ত শিশুদের প্রতি গভীর কোমলতা দেখিয়ে মনোবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী এবং ধর্মীয় পরামর্শকদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছে, যাতে শিশুটির হৃদয়ে আবার নিরাপত্তা, আস্থা ও নির্ভরতার আলো জ্বালানো যায়।
আল-আজহার অভিভাবকদের প্রতি বিশ্বজনীন সতর্কবার্তা দিয়েছে—সন্তানের প্রতিটি আচরণ লক্ষ্য রাখতে হবে এবং তাদের সঙ্গে কথোপকথনের সেতু অটুট রাখতে হবে, যাতে কোনো ভয় বা লজ্জা তাদের মুখ বন্ধ না রাখতে পারে। একই সাথে, ডিজিটাল যুগের অন্ধকার দিকেও প্রতিষ্ঠানটি সতর্ক করে শক্তিশালী আইন, কঠোর নজরদারি ও দায়িত্বশীল প্রযুক্তি ব্যবহারের ওপর জোর দিয়েছে।
বিবৃতির শেষাংশে আল-আজহার শিশুদের সুরক্ষা একটি বৈশ্বিক দায়িত্ব বলে ঘোষণা করে পরিবার, রাষ্ট্র, শিক্ষক, গণমাধ্যম, নীতিনির্ধারক—সবাইকে এই দায়িত্ব একসঙ্গে বহন করার আহ্বান জানিয়েছে।
Copyright © 2026 All rights reserved.