প্রকাশের তারিখঃ Nov 29, 2025 ইং
ইউক্রেন যুদ্ধে ২৪ ঘণ্টায় ২৩০ সেনা নিহত
রাশিয়ার ব্যাটলগ্রুপ সাউথ-এর সেনারা গত ২৪ ঘণ্টায় ২৩০ জনেরও বেশি ইউক্রেনীয় সেনাকে ধ্বংস করেছে বলে জানিয়েছেন গ্রুপটির মুখপাত্র ভাদিম আস্তাফিয়েভ।
শনিবার (২৯ নভেম্বর) রুশ বার্তা সংস্থা তাস এই তথ্য জানায়। এই সময়ে রুশ বাহিনী ইউক্রেনের পাঁচটি সাঁজোয়া যুদ্ধযান, ১৯টি অটোমোবাইল এবং চারটি গোলাবারুদ ও জ্বালানির গুদামসহ বেশ কিছু সামরিক সরঞ্জাম ধ্বংস করেছে। এদিকে, ক্রেমলিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ মন্তব্য করেছেন, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে রাশিয়া সর্বদা শান্তির পক্ষে থাকলেও সম্ভাব্য সংঘাতের জন্য দেশটি সর্বদা প্রস্তুত রয়েছে।
রুশ মুখপাত্র ভাদিম আস্তাফিয়েভ বলেন, ইউক্রেনীয় সেনাবাহিনী ২৪ ঘণ্টায় ২৩০ জনেরও বেশি সৈন্য হারিয়েছে। রুশ যৌথ বাহিনীর ইউনিট এবং আক্রমণকারী ড্রোন ইউনিটগুলো ইউক্রেনের তিনটি পশ্চিমা নির্মিত সাঁজোয়া যুদ্ধযানসহ মোট পাঁচটি সাঁজোয়া যুদ্ধযান, চারটি ফিল্ড আর্টিলারি গান, একটি ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্টেশন এবং চারটি গোলাবারুদ ও জ্বালানির গুদামও ধ্বংস করেছে।
এছাড়াও, সেভেরস্ক ও ক্রামাতোরস্ক দিকের ড্রোন ইউনিটগুলো ইউক্রেনের একাধিক ইউএভি নিয়ন্ত্রণকেন্দ্র, স্টারলিংক টার্মিনাল, যোগাযোগ অ্যান্টেনা এবং স্থলভিত্তিক রোবোটিক কমপ্লেক্স লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। ড্রোন ইউনিটগুলো তিনটি স্থল রোবোটিক সিস্টেম ও একটি অস্থায়ী ঘাঁটিসহ ইউক্রেনীয় বাহিনীর ছয়টি ডাগআউটও ধ্বংস করেছে।
ক্রেমলিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ শুক্রবার রাশিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেল ওয়ান-কে দেওয়া এক বক্তব্যে বলেন, রাশিয়া আন্তর্জাতিক মঞ্চে কূটনৈতিক সমাধানকেই প্রথম পছন্দ হিসেবে বিবেচনা করে।
তবে বেলজিয়ামে রাশিয়ার রাষ্ট্রদূত ডেনিস গনচারের মন্তব্যের পর তিনি সতর্ক করে দেন যে, ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার সঙ্গে বড় ধরনের সংঘাতের প্রস্তুতি নিচ্ছে। যুদ্ধ না শান্তি—কোনটি প্রত্যাশা করা উচিত এমন প্রশ্নে পেসকভ বলেন, "অবশ্যই আমাদের শান্তিই কামনা করা উচিত। কিন্তু যুদ্ধের জন্যও প্রস্তুত থাকতে হবে। সর্বোচ্চ ভালো ফলাফলের আশা করতে হবে, তবে সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুতি রাখা জরুরি।"
Copyright © 2026 All rights reserved.