প্রকাশের তারিখঃ Nov 29, 2025 ইং
কোনো শক্তি আগামী নির্বাচন ঠেকাতে পারবে না: ড. মোশাররফ
নিজস্ব প্রতিবেদক : দেশের জনগণের বিরুদ্ধে গিয়ে কোনো শক্তিই আগামী জাতীয় নির্বাচন ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের মেঘনা উপজেলার মানিকারচর উচ্চ বিদ্যালয় মাঠে ধানের শীষের পক্ষে গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মোশাররফ হোসেন বলেন, জনগণ এখন পুরোপুরি নির্বাচনমুখী। নির্বাচনী উৎসব পালন করতে মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। ধানের শীষের পক্ষে গণজোয়ার শুরু হয়েছে। তা দেখে ভীত হয়ে কেউ কেউ অযৌক্তিক অজুহাতে নির্বাচন বাধাগ্রস্ত বা পেছানোর ষড়যন্ত্র করছে। দেশের উন্নয়ন, স্থিতিশীলতা ও গণতন্ত্র পুনরুদ্ধারে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সব রাজনৈতিক দলকে আগামী ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাই।
কুমিল্লা-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ড. মোশাররফ বলেন, জনগণ গত ১৫ বছর কোনো নির্বাচনে ভোট দিতে পারেনি। দেশের মানুষ যখনই ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, তারা বিপুল ভোটে বিএনপিকে ক্ষমতায় অধিষ্ঠিত করেছে। মানুষ মনেপ্রাণে বিশ্বাস করে—একমাত্র বিএনপি ক্ষমতায় থাকলে অর্থনৈতিক স্বচ্ছলতা আসে, ব্যাপক উন্নয়ন ও গণতন্ত্র শক্তিশালী হয় এবং সমাজে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসে।
সমাবেশ শেষে কুমিল্লা-১ আসনের বিএনপি প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে ধানের শীষের পক্ষে গণমিছিলটি মানিকার চর উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে ফায়ার সার্ভিস রোডে গিয়ে শেষ হয়।
মেঘনা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. রমিজউদ্দিন লন্ডনীর সভাপতিত্বে কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপি প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান। সঞ্চালনা করেন মেঘনা উপজেলা বিএনপি নেতা মো. মিজানুর রহমান।
Copyright © 2026 All rights reserved.