ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় চলতি বছর সর্বোচ্চ নম্বর পাওয়া দশজন মেধাবী নবীন চিকিৎসককে প্রথমবারের মতো স্বীকৃতি জানাতে আয়োজিত হলো 'টপ টেন জেনিয়াস ইন্টার্ন ডক্টর্স, ২০২৫' সম্মাননা অনুষ্ঠান।
শনিবার (২৯ নভেম্বর) দুপুরে মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে এই বিশেষ আয়োজন করে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল। প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মেধাবী চিকিৎসকদের হাতে ক্রেস্ট, মেডেল, সার্টিফিকেট ও লিটম্যান ক্লাসিক স্টেথোস্কোপ তুলে দেওয়া হয়।
সাধারণ মানুষকে চিকিৎসকদের পরীক্ষার মেধাক্রম সম্পর্কে জানাতে, মেধাবীদের স্বীকৃতি ও অনুপ্রেরণা দিতেই ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল এই বিশেষ আয়োজন করেছে বলে জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক ডা. নাজমুল হোসেন বলেন, বাংলাদেশের চিকিৎসা শিক্ষা ক্রমেই বিশ্বমানের দিকে এগিয়ে যাচ্ছে। আজকের এই মেধাবী তরুণ চিকিৎসকরাই আগামী দিনের স্বাস্থ্যসেবার নেতৃত্ব দেবেন। তাদের এই সাফল্য জাতি হিসেবে আমাদের আরও আশাবাদী করে তোলে। এমন উদ্যোগ গ্রহণের জন্য তিনি আয়োজক প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজটির চেয়ারম্যান ও নারী উদ্যোক্তা প্রীতি চক্রবর্ত্তী। স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক। এই সম্মাননা প্রদানের মূল উদ্যোক্তা ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী বলেন, চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন, মেধা বিকাশ এবং উদ্ভাবনী শক্তিকে উৎসাহিত করতেই আমাদের এই উদ্যোগ। ইউনিভার্সেল মেডিকেল কলেজ সদা মেধার সম্মান ও মানবিকতার চর্চায় প্রতিশ্রুতিবদ্ধ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাতালিকায় শীর্ষ দশে স্থান পাওয়া শিক্ষার্থীরা হলেন—
১. ডা. উমাইর আফিফ, ঢাকা মেডিকেল কলেজ
২. ডা. তাহমিদ মিহদা ফেরদৌস, ময়মনসিংহ মেডিকেল কলেজ
৩. ডা. জান্নাতুল ফেরদৌস, ময়মনসিংহ মেডিকেল কলেজ
৪. ডা. মিথিলা ফারজানা, ঢাকা মেডিকেল কলেজ
৫. ডা. ইফফাত আমান অত্রি, মুগদা মেডিকেল কলেজ
৬. ডা. এ. আর. জান্নাতুল নাঈমা রশ্নি, ঢাকা মেডিকেল কলেজ
৭. ডা. শাহ মোঃ ফরিদ উদ্দিন, ঢাকা মেডিকেল কলেজ
৮. ডা. পারমিতা দেবনাথ, ময়মনসিংহ মেডিকেল কলেজ
৯. ডা. কাজী জান্নাতুল শশীপ্রভা, ময়মনসিংহ মেডিকেল কলেজ
১০. ডা. স্টুটি রিমাল (নেপাল), ঢাকা মেডিকেল কলেজ
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন অধ্যাপক ডা. মো: মোস্তাক আহাম্মদ, ইউনিভার্সেল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. উত্তম কুমার পালসহ অন্যান্য বিশিষ্টজন। ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল জানিয়েছে, চিকিৎসা শিক্ষায় অর্জন ও মেধা বিকাশের জন্য এই আয়োজন ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চালিয়ে নেওয়া হবে।