প্রকাশের তারিখঃ Dec 4, 2025 ইং
সপ্তাহে ৩ দিন বাংলাদেশ থেকে ফ্লাইট যাবে পাকিস্তানে
ঢাকা থেকে পাকিস্তানের করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এখন থেকে সপ্তাহে তিন দিন এই রুটে ফ্লাইট পরিচালিত হবে বলে জানিয়েছেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসেইন খান।
বুধবার (৩ ডিসেম্বর) ফরেন সার্ভিসেস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য নিশ্চিত করেন। সরাসরি এই ফ্লাইট চালু হলে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য এবং যোগাযোগ ব্যাপকভাবে বাড়ানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন হাইকমিশনার।
পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজের খবর অনুসারে, বুধবার ফরেন সার্ভিসেস একাডেমিতে হাইকমিশনার ইকবাল হুসেইন খান সাংবাদিকদের জানান যে, বাংলাদেশের জাতীয় বিমান সংস্থা বিমান
বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা ও করাচির মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু করতে যাচ্ছে।
ফ্লাইটের রুট প্রসঙ্গে হাইকমিশনার নিশ্চিত করেন যে, ভারতীয় বিমান সংস্থা যেমন বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করে, তেমনি বিমানের ফ্লাইটও ভারতীয় আকাশসীমা ব্যবহার করেই পরিচালিত হবে।
হাইকমিশনার ইকবাল হুসেইন খান দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর ওপর জোর দেন। তিনি বলেন, সরাসরি যোগাযোগ না থাকায় বর্তমানে বাণিজ্য সীমিত। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন যে, পাকিস্তানের খেজুর আঞ্চলিক বাজারে দুবাই ঘুরে পৌঁছায়। সরাসরি রুট চালু হলে কৃষকদের আয় বাড়বে এবং লাভজনক বাণিজ্য সম্প্রসারিত হবে।
তিনি আরও মন্তব্য করেন যে, ভৌগোলিক সংযোগের দুর্বলতা দক্ষিণ এশিয়ার অগ্রগতির ক্ষেত্রে একটি বড় বাধা। আঞ্চলিক সহযোগিতাই এগিয়ে যাওয়ার একমাত্র বাস্তবসম্মত পথ।
Copyright © 2026 All rights reserved.