প্রকাশের তারিখঃ Dec 4, 2025 ইং
সীমান্তে উত্তেজনা: এক দিনে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত
পৃথক দুটি ঘটনায় একদিনের ব্যবধানে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্তে সুখিরাম উরাং (২৫) নামে এক যুবক গুলিতে নিহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগে বুধবার গভীর রাতে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে সবুজ ইসলাম (৩০) নামে আরও এক যুবক বিএসএফের গুলিতে নিহত হন। এই ঘটনায় সীমান্ত এলাকাগুলোতে নতুন করে উত্তেজনা বিরাজ করছে।
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্তে দুপুর ১টার দিকে বিএসএফের গুলিতে সুখিরাম উরাং (২৫) নিহত হন। স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, কোনো প্রকার উসকানি ছাড়াই সুখিরামের ওপর গুলি চালানো হয়। কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাঁর ডানপাশের পাজরে গুলি লেগেছিল।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। বিজিবি ৪৬ ব্যাটালিয়নের সিও লে. কর্নেল এএসএম জাকারিয়া জানান, বিএসএফ নিহতের বিষয়টি অস্বীকার করেছে, তবে সীমান্তে বর্তমানে পতাকা বৈঠক চলছে।
এর আগে বুধবার গভীর রাতে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে সবুজ ইসলাম (৩০) নামে এক বাংলাদেশি যুবক বিএসএফের গুলিতে নিহত হন। তিনি পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের বাসিন্দা ছিলেন।
বিজিবি ও এলাকাবাসী জানায়, উভয় দেশের সীমান্তের প্রধান পিলার ৮৬৪ নম্বরের কাছ দিয়ে গরু পারাপার করার সময় ভারতীয় অংশের প্রায় ৩০ গজ অভ্যন্তরে চেনাকাটা সীমান্ত এলাকায় ভারতের ১৬৯ কোচবিহার রাণীনগর বিএসএফ ব্যাটালিয়নের টহল দলের সদস্যরা কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে সবুজ ইসলাম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে বিএসএফ তার মরদেহ ভারতের অভ্যন্তরে নিয়ে স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করে। বিজিবি-৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২) ক্যাম্প কমান্ডার বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে যান।
Copyright © 2026 All rights reserved.