প্রকাশের তারিখঃ Dec 4, 2025 ইং
২ দিনের সফরে ভারতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
নিজস্ব প্রতিবেদক: দুই দিনের সফরে আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন । দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রটোকল ভেঙে তাকে পালাম বিমানবন্দরে স্বাগত জানান। আজ রাতেই তারা এক নৈশভোজে অংশ নেবেন। এরপর আগামীকাল শুক্রবার (৫ ডিসেম্বর) দুজন শীর্ষ বৈঠকে মিলিত হবেন।
শুক্রবার শীর্ষ বৈঠকের আগে পুতিনকে ভারতের রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে। পরে তিনি দিল্লির হায়দরাবাদ হাউসে মধ্যাহ্নভোজে অংশ নেবেন। এ হায়দরাবাদ হাউসেই পুতিন অবস্থান করবেন। মহাত্মা গান্ধীর সমাধি ও স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে শুক্রবার সকালে তার নয়াদিল্লির রাজঘাটে যাওয়ার কথা রয়েছে।
শুক্রবার পুতিন আরও যেসব কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে নয়াদিল্লিতে রাশিয়ার সম্প্রচারমাধ্যম ‘আরটি ইন্ডিয়া’র উদ্বোধন এবং ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আয়োজিত রাষ্ট্রীয় ভোজে অংশগ্রহণ। শুক্রবার রাত ৯টার দিকে তিনি ভারত ত্যাগ করবেন বলে আশা করা হচ্ছে।
ইউক্রেন যুদ্ধ শুরুর পর ভারতে প্রথম সফরে এলেন পুতিন। তাঁর ভারত সফরে উভয় দেশের মধ্যে স্বাস্থ্য, বাণিজ্যসহ নানা খাতে অনেকগুলো চুক্তি হওয়ার কথা রয়েছে।
Copyright © 2026 All rights reserved.