প্রকাশের তারিখঃ Dec 5, 2025 ইং
বগুড়ায় নারী প্রভাষকের রহস্যজনক মৃত্যু, বাথরুমে লাশ
বগুড়া শহরের ভাড়া বাসার বাথরুম থেকে ফাবিয়া তাসনিম সিধি (২৯) নামে সরকারি শাহ সুলতান কলেজের এক নারী প্রভাষকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ মৃতদেহের মাথার পেছনে আঘাতের চিহ্ন ও নাক দিয়ে রক্ত ঝরার প্রমাণ পেয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে শহরের চক ফরিদ এলাকা থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। প্রাথমিকভাবে এই মৃত্যুকে রহস্যজনক হিসেবে দেখছে পুলিশ এবং ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য অপেক্ষা করছে।
বগুড়া সদর থানা সূত্রে জানা গেছে, নিহত ফাবিয়া তাসনিম সিধি সরকারি শাহ সুলতান কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক ছিলেন। তিনি ৪১তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেড় বছর আগে এই কলেজে যোগদান করেন। তিনি মূলত ময়মনসিংহ জেলার বাসিন্দা এবং চক ফরিদ এলাকার ডা. রাশেদুল হাসানের বাড়ির তিন তলায় ভাড়া বাসায় থাকতেন।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজার রহমান জানান, প্রভাষক সিধি তাঁর মা সারাবান তহুরাকে নিয়ে ওই বাসায় থাকলেও, কয়েকদিন আগে তাঁর মা গ্রামের বাড়িতে গিয়েছিলেন। বৃহস্পতিবার দুপুরের পর থেকে মেয়ের ফোন বন্ধ পাওয়ায় মা তহুরা রাত ১০টার দিকে বগুড়ায় ফিরে আসেন। বহু ডাকাডাকির পরও দরজা না খোলায় তিনি পুলিশে খবর দেন।
পরে পুলিশ স্থানীয়দের উপস্থিতিতে দরজা ভেঙে বাথরুমের ভেতর সিধির লাশ খুঁজে পায়। পরিদর্শক মাহফুজার রহমান দাবি করেছেন, লাশের নাক দিয়ে রক্ত ঝরছিল এবং মাথার পেছনে আঘাতের সুস্পষ্ট চিহ্ন ও জিহ্বাতে কামড়ের দাগ ছিল।
পুলিশ বর্তমানে ঘটনাটি তদন্ত করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
Copyright © 2026 All rights reserved.