প্রকাশের তারিখঃ Dec 6, 2025 ইং
খালেদা জিয়াকে লন্ডন নেয়ার নতুন সময় জানা যাবে রাতে
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডন যাত্রা আবারও স্থগিত হয়েছে। এ নিয়ে তৃতীয়বারের মতো তাঁর বিদেশযাত্রা পেছালো। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তাঁর শারীরিক অবস্থার বিবেচনায় আজ শনিবার (০৬ ডিসেম্বর) রাতে মেডিকেল বোর্ড পরবর্তী সিদ্ধান্ত নেবে। এয়ার অ্যাম্বুলেন্স আসতে বিলম্ব হওয়া এবং উনার শারীরিক অবস্থা ফ্লাইটের জন্য কতটা উপযুক্ত, সে বিষয়টি পর্যালোচনা করার পরই লন্ডন যাত্রার নতুন সময় নির্ধারণ করা হবে।
শনিবার (৬ ডিসেম্বর) সকালে বিএনপির মিডিয়া সেলের একটি সূত্র নিশ্চিত করে, বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির ওপর ভিত্তি করেই মেডিকেল বোর্ড তাঁকে লন্ডন নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। বোর্ডের সবুজ সংকেত পেলেই এয়ার অ্যাম্বুলেন্স দেশে আসবে।
এদিকে, ঢাকাস্থ কাতার দূতাবাস নিশ্চিত করেছে যে, কাতার সরকারের বিশেষ ব্যবস্থাপনায় জার্মানি থেকে ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্সটি আজ শনিবার (৬ ডিসেম্বর) বিকেল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার সাংবাদিকদের জানান, লন্ডন যাত্রা পিছিয়ে গেছে। নতুন তারিখ এই মুহূর্তে বলা না গেলেও, এয়ার অ্যাম্বুলেন্স দেশে পৌঁছানো এবং মেডিকেল বোর্ডের অনুমতির ভিত্তিতে যেকোনো দিন তাঁকে নেওয়া হতে পারে।
খালেদা জিয়ার চিকিৎসকদের মতে, গত কয়েকদিন ধরে তাঁর শারীরিক অবস্থা একই রকম রয়েছে। এয়ার অ্যাম্বুলেন্সের পৌঁছানোর সময় এবং ফ্লাইটের জন্য তাঁর শারীরিক সক্ষমতা, উভয় বিষয়ই বিবেচনায় নিতে হচ্ছে।
উল্লেখ্য, প্রথমে শুক্রবার (৫ ডিসেম্বর) তাঁর লন্ডন যাওয়ার কথা থাকলেও, কারিগরি ত্রুটির কারণে অ্যাম্বুলেন্সটি আসতে না পারায় যাত্রা স্থগিত হয়েছিল। সব ঠিক থাকলে রোববার (৭ ডিসেম্বর) তিনি যাত্রা করতে পারেন বলে আশা করা হচ্ছে।
Copyright © 2026 All rights reserved.