প্রকাশের তারিখঃ Dec 6, 2025 ইং
রাতভর পাকিস্তান-আফগানিস্তানের গোলাগুলি, নিহত ৪
পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনায় আফগানিস্তানের বোলদাক বিভাগে চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
শুক্রবার (৬ ডিসেম্বর) দিবাগত রাতে দুই দেশের সীমান্ত এলাকা গুলি ও কামানের শব্দে কেঁপে ওঠে। স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় শুরু হওয়া এই সংঘর্ষ প্রায় দুই ঘণ্টা স্থায়ী ছিল। গোলাগুলির জন্য দুই দেশই পরস্পরকে দোষারোপ করছে। সম্প্রতি সৌদি আরবে অনুষ্ঠিত শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পরই আবারও এই সংঘাতের ঘটনা ঘটল।
আফগানিস্তানের কান্দাহার প্রদেশের বোলদাক বিভাগের গভর্নর এই ঘটনায় চারজন বেসামরিক নাগরিক নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। সীমান্তজুড়ে রাতভর ব্যাপক গোলা ও কামানের গোলার শব্দ শোনা যায়।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশারফ জাইদি দাবি করেছেন, চামান সীমান্তে আফগান সেনারা বিনা উসকানি ছাড়াই প্রথমে গুলি শুরু করে। অন্যদিকে, আফগানিস্তানের কান্দাহারের তথ্য বিভাগের প্রধান আলী মোহাম্মদ হাকমাল বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছেন, পাকিস্তানি সেনারা হালকা ও ভারী কামান ব্যবহার করে হামলা চালিয়েছে, যা বেসামরিক মানুষের বাড়িতে আঘাত হেনেছে।
গত অক্টোবর থেকেই পাক-আফগান সীমান্ত উত্তপ্ত। ওই মাসে এক বড় সংঘর্ষে দুই শতাধিক মানুষ নিহত হওয়ার পর কাতার ও তুরস্কের মধ্যস্থতায় সংঘাত থামে। তবে দুই দিন আগে সৌদি আরবে অনুষ্ঠিত শান্তি আলোচনায় কোনো অগ্রগতি না হওয়ায় উত্তেজনা পুনরায় বৃদ্ধি পায় এবং এই গোলাগুলির ঘটনা ঘটে।
দুই পক্ষই অবশেষে সংঘর্ষ থামাতে সম্মত হয়েছে বলে আফগান কর্তৃপক্ষ জানিয়েছে।
Copyright © 2026 All rights reserved.