প্রকাশের তারিখঃ Dec 6, 2025 ইং
সোনারগাঁওয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৪
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পাটাত্তা গ্রামে গ্যাসের চুলার লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।
শনিবার (৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে একটি ভাড়া বাসায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দগ্ধ চারজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধদের মধ্যে আলাউদ্দিন (৩৫) ও তাঁর ছোট মেয়ে সিমলা আক্তার (৪)-এর অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।
দগ্ধরা হলেন: আলাউদ্দিন (৩৫), তাঁর স্ত্রী জরিনা বেগম (৬৫), এবং দুই মেয়ে শিফা আক্তার (১৪) ও সিমলা আক্তার (৪)।
আলাউদ্দিনের বোন সালমা আক্তার জানান, ভোরে আলাউদ্দিন ওয়াশরুমে যাওয়ার সময় রান্নাঘর থেকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং আগুন দ্রুত পুরো ঘরে ছড়িয়ে পড়ে। দরজা বাইরে থেকে বন্ধ থাকায় পরিবারের সদস্যরা দ্রুত বের হতে পারেননি। পরে প্রতিবেশীরা এসে দরজা ভেঙে তাঁদের উদ্ধার করেন। পরিবারের ধারণা, রান্নাঘরের গ্যাস চুলার লিকেজ থেকেই এই বিস্ফোরণ ঘটেছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানিয়েছেন, দগ্ধ চারজনই ইনস্টিটিউটে চিকিৎসাধীন। আলাউদ্দিনের শরীরের ৪০ শতাংশ, সিমলার ৩০ শতাংশ, জরিনা বেগমের ২০ শতাংশ এবং শিফা আক্তারের ১২ শতাংশ দগ্ধ হয়েছে। আলাউদ্দিন ও ছোট মেয়ে সিমলার অবস্থা অপেক্ষাকৃত বেশি আশঙ্কাজনক।
এদিকে, সোনারগাঁ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহিদুর রহমান জানান, দুর্ঘটনার বিষয়ে তাঁদের কেউ কোনো খবর দেয়নি। গণমাধ্যমের সূত্রেই তাঁরা বিষয়টি জানতে পেরেছেন।
Copyright © 2026 All rights reserved.