প্রকাশের তারিখঃ Dec 6, 2025 ইং
১১স্কাউটের আত্মত্যাগ নতুন দেশ গড়ার প্রেরণা: শিক্ষা উপদেষ্টা
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার বলেছেন, জুলাই আন্দোলনে শহীদ হওয়া ১১ জন স্কাউট সদস্যের আত্মত্যাগ জাতিকে নতুন বাংলাদেশ নির্মাণের অনুপ্রেরণা যোগাচ্ছে। তিনি উল্লেখ করেন, দেশের সংকটময় মুহূর্তে স্কাউটদের মানবিক মূল্যবোধ, দায়িত্ববোধ এবং সাহসিকতা সর্বদা এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীতে বাংলাদেশ স্কাউটসের জাতীয় অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন এবং ভবিষ্যৎ প্রজন্মকে সততা ও দেশগড়ার চেতনায় এগিয়ে আসার আহ্বান জানান।
ড. সি. আর. আবরার বলেন, স্কাউটিং কেবল ব্যাজ অর্জন নয়, এটি চরিত্র গঠন, নেতৃত্ব, দায়িত্ববোধ এবং সমাজসেবায় দক্ষতা অর্জনের এক অতুলনীয় প্রশিক্ষণ। তিনি দুর্যোগ মোকাবিলায় স্কাউটদের ভূমিকার প্রশংসা করে বলেন, ঘূর্ণিঝড়, বন্যা বা অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্যোগ মুহূর্তে স্কাউট সদস্যরা মানুষের পাশে দাঁড়ায়। তিনি আত্মনির্ভরশীল ও সেবামুখী নাগরিক তৈরির লক্ষ্যে স্কাউটিংয়ের বিস্তার বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
জুলাই আন্দোলনে নিহত ১১ জন স্কাউট সদস্য ও আহতদের আত্মত্যাগ স্মরণ করে শিক্ষা উপদেষ্টা বলেন, তাদের এই মহান ত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকে সাহস জোগায়। বর্তমানে বিশ্বের ১৭৬টি স্কাউট দেশের মধ্যে বাংলাদেশ চতুর্থ অবস্থানে রয়েছে, যা দেশের জন্য অত্যন্ত গৌরবের। এছাড়া এশিয়া–প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন কমিটি ও সাব-কমিটিতে বাংলাদেশি স্কাউটদের নেতৃত্ব দেশের সক্ষমতার স্বীকৃতি।
তিনি বাংলাদেশ স্কাউটসে নারীদের অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করে তাদের উদ্দেশ করে বলেন, সততা, সাহস, দৃঢ়তা ও মানবিকতার মাধ্যমে নিজেদের শ্রেষ্ঠ নাগরিক হিসেবে গড়ে তোলাই দেশের প্রত্যাশা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ স্কাউটসের অন্তর্বর্তীকালীন জাতীয় নির্বাহী কমিটির উপদেষ্টা মো. এহছানুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটসের সভাপতি নাসিমুল গনি। এসময় দেশের বিভিন্ন জেলার স্কাউট সদস্যদের হাতে শাপলা কাব অ্যাওয়ার্ডসহ বিভিন্ন জাতীয় পর্যায়ের অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।
Copyright © 2026 All rights reserved.