প্রকাশের তারিখঃ Dec 6, 2025 ইং
ছাদ বাগান থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু
রাজধানীর হাজারীবাগে ছাদ বাগান থেকে পড়ে হাওয়া নুর বেগম (৯০) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) বিকাল পৌনে ৪টার দিকে হাজারীবাগ ৭৬ নম্বর বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাঁর পরিবারের সদস্যরা জানান, ছাদের রেলিং না থাকায় ফুল গাছে পানি দেওয়ার সময় অসাবধানতাবশত তিনি তৃতীয় তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। দ্রুত তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত হাওয়া নুর বেগম হাজারীবাগ ৭৬ নম্বর বটতলা এলাকার স্থায়ী বাসিন্দা জমসের হোসেনের স্ত্রী ছিলেন।
তাঁর একমাত্র ছেলে আনোয়ার হোসেন জানান, তাঁর মায়ের ফুল গাছের প্রতি বিশেষ ভালোবাসা ছিল এবং তিনি তাঁদের বাড়ির তৃতীয় তলার ছাদে একটি বাগান তৈরি করেছিলেন। প্রতিদিনের মতো শনিবার বিকালেও তিনি গাছে পানি দিতে যান। কিন্তু তাঁদের ছাদে কোনো রেলিং ছিল না। পানি দেওয়ার সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান।
গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট হাজারীবাগ থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
Copyright © 2026 All rights reserved.