প্রকাশের তারিখঃ Dec 7, 2025 ইং
এসএমই রপ্তানি বাড়াতে নতুন বাজার খোঁজার তাগিদ শিল্প উপদেষ্টার
ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) পণ্যের রপ্তানি বাড়াতে দেশের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে নতুন নতুন গন্তব্য অনুসন্ধানের আহ্বান জানিয়েছেন শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, কোন দেশে কোন পণ্যের চাহিদা আছে, তা নিয়মিত অনুসন্ধান করে সেই অনুযায়ী উৎপাদন ও পণ্যে বৈচিত্র্য আনতে হবে।
রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে 'এসএমই শক্তি, দেশের অগ্রগতি' স্লোগানে শুরু হওয়া ৮ দিনব্যাপী জাতীয় এসএমই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। মেলাটি এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হয়েছে এবং চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত।
আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া শতভাগ দেশীয় পণ্যের এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, এসএমই খাত শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি জোর দেন যে, গ্রামীণ জনপদে শহরের সুযোগ-সুবিধা পৌঁছে দিতে টেকসই শিল্পখাতের বিকাশ জরুরি।
উপদেষ্টা বলেন, যত্রতত্র শিল্প-কারখানা স্থাপন না করে নির্ধারিত স্থানে শিল্প স্থাপন করতে হবে। এতে উদ্যোক্তারা যেমন সুবিধা পাবেন, তেমনি পরিবেশ সুরক্ষার বিষয়েও শিল্প মালিকদের সচেতন থাকতে হবে। বিশেষ করে, শিল্পবর্জ্য যেন জলাধারে প্রবেশ না করে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
তিনি উল্লেখ করেন, এসএমই উদ্যোক্তা গ্রুপ ও ক্লাস্টারগুলোকে সহজ শর্তে ও স্বল্প সুদে জামানতবিহীন ঋণ প্রদান করা হচ্ছে, যা তাদের প্রতিযোগিতা করতে সাহায্য করছে। এই কার্যক্রম আরও জোরদার করে অধিক সংখ্যক উদ্যোক্তাকে এর আওতায় আনতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ পৃথিবীর অষ্টম বৃহত্তম ভোক্তা বাজারে পরিণত হবে এবং স্থানীয় বাজার যুক্তরাজ্যের বাজারকেও ছাড়িয়ে যাবে।
এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন মো. মুসফিকুর রহমান ডিজিটালি সেবা দিতে ও খাতওয়ারী সঠিক সেবা নিশ্চিত করতে একটি নির্দিষ্ট ডাটাবেজ তৈরির জন্য সরকারি সহায়তা কামনা করেন। এবারের মেলায় প্রায় সাড়ে ৩০০ ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান অংশ নিয়েছে, যার মধ্যে প্রায় ৬০ শতাংশই নারী-উদ্যোক্তা। তৈরি পোশাক, হস্ত ও কারু শিল্প, চামড়াজাত পণ্য এবং পাটজাত পণ্যের মতো খাতগুলোর স্টল মেলায় বেশি রয়েছে।
Copyright © 2026 All rights reserved.