প্রকাশের তারিখঃ Dec 7, 2025 ইং
যেকোনো মূল্যে দুর্নীতির লাগাম টানার আহ্বান তারেক রহমানের
নিজস্ব প্রতিবেদক: যেকোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার (৭ ডিসেম্বর) বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
তারেক রহমান বলেন, যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরস্থিতি ভালো করতে হবে। না হলে দেশের ক্ষতি হয়ে যাবে। যদি সরকার গঠন করতে পারি, তবে শুরুতেই দুর্নীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির লাগাম টেনে ধরতে হবে।
দেশে দুর্নীতির লাগাম টানতে পারে শুধু বিএনপি। অতীতে বিএনপি দুর্নীতির লাগাম টেনেছে, ভবিষ্যতেও পারবে বলে উল্লেখ করেন তিনি।
তারেক রহমান বলেন, বিভিন্ন সময়ে দেশ যখন সংকটের মধ্যে দিয়ে গিয়েছে, তখন বিএনপি ধীরে ধীরে অবস্থার উন্নতি করেছে। দেশকে স্বাধীন করার জন্য লাখ লাখ মানুষ প্রাণ দিয়েছেন। সেই দেশকে গড়তেও কাঁধে কাঁধ রেখে কাজ করতে হবে।
স্বৈরাচার যেভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে, একটি দল এখন একইভাবে অপপ্রচার চালাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সেই দলের দুইজন বিএনপির আমলে মন্ত্রী ছিলেন। তারা সিনিয়র মানুষ, তারা গত হয়েছেন। তারা বেগম খালেদা জিয়ার ওপর শেষ দিন পর্যন্ত আস্থা রেখেছিলেন, দুর্নীতির বিরুদ্ধে অবস্থানের কারণে। এ সময় দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
তিনি অভিযোগ করে বলেন দেশে এখন প্রতিটি ক্ষেত্রে অরাজকতা বিরাজ করছে।
তিনি সতর্ক করে বলেন, সামনে অনেক কঠিন সময় আসছে। প্রত্যেকটি ক্ষেত্রে অরাজকতা বিরাজ করছে। দেশ ও জাতিকে নেতৃত্ব দিতে হলে পরিকল্পনা থাকতে হবে। তারেক রহমান বলেন, যারা বলে অন্য রাজনৈতিক দলগুলোকে দেখেছেন, এবার আমাদের দেখুন, মানুষ তাদের ১৯৭১ সালে দেখেছে—কীভাবে তারা লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে, মা-বোনের ইজ্জত লুণ্ঠন করেছে।
রাজনীতির ময়দানে বেহেশতের টিকিট দেওয়ার আশ্বাস প্রসঙ্গে তারেক রহমান বলেন, বেহেশত বা দোজখ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, এগুলো যারা বলে তারা শিরক করছে। পরকালে কে কোথায় যাবে, তার সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র সৃষ্টিকর্তার।
Copyright © 2026 All rights reserved.