প্রকাশের তারিখঃ Dec 8, 2025 ইং
খালেদা জিয়াকে নিতে জার্মান অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার
উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যেতে ভাড়া করা জার্মান এয়ার অ্যাম্বুলেন্সটি অবশেষে ঢাকায় নামার অনুমতি পেয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সূচি পেয়েছে জার্মানভিত্তিক 'এফএআই অ্যাভিয়েশন গ্রুপ'- এর এয়ার অ্যাম্বুলেন্সটি, এমনটাই জানিয়েছে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
যদিও এয়ার অ্যাম্বুলেন্সের আসা এবং খালেদা জিয়ার লন্ডনযাত্রা নির্ভর করছে তাঁর সবশেষ শারীরিক অবস্থা ও মেডিক্যাল বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর। বর্তমানে তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বেবিচকের একজন কর্মকর্তা রবিবার সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন, জার্মানভিত্তিক এয়ারলাইন্স এফএআই অ্যাভিয়েশন গ্রুপের আবেদন মঞ্জুর করা হয়েছে। প্রাথমিকভাবে অ্যাম্বুলেন্সটিকে মঙ্গলবার সকালে ঢাকায় অবতরণ এবং সেদিন রাত ৯টায় ঢাকা ত্যাগের সময় দেওয়া হয়েছে। এর আগে শনিবারের আবেদনে মঙ্গলবার অবতরণ এবং বুধবার ঢাকা ছাড়ার সূচি চাওয়া হয়েছিল।
জানা গেছে, কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটির কারণে আসতে না পারায় কাতার সরকারের পক্ষ থেকে জার্মানির নুরেমবার্গভিত্তিক এই এফএআই অ্যাভিয়েশন গ্রুপ থেকে বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার (সিএল-৬০) সিরিজের দুই ইঞ্জিনের জেট উড়োজাহাজটি ভাড়া করা হয়েছে। এই উড়োজাহাজে ভেন্টিলেটর, মনিটরিং ইউনিট ও অভিজ্ঞ চিকিৎসকসহ অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম রয়েছে।
তবে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের পক্ষ থেকে শনিবার জানানো হয়েছিল, বিএনপি চেয়ারপার্সন এখনো বিমানযাত্রার জন্য উপযুক্ত সক্ষমতা অর্জন করেননি, যে কারণে লন্ডনযাত্রা বিলম্বিত হচ্ছে। যদিও বোর্ডের একজন চিকিৎসক আভাস দিয়েছেন, তিনি ৯ বা ১০ ডিসেম্বরের দিকে বিমানযাত্রার সক্ষমতা অর্জন করতে পারেন। সেই আভাসের মধ্যেই অ্যাম্বুলেন্সটির ঢাকায় আসার খবর এলো।
Copyright © 2026 All rights reserved.