প্রকাশের তারিখঃ Dec 8, 2025 ইং
ধর্মকে ব্যবহার করে জামায়াত রাজনীতি করে না: শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামী ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে না—এমন দাবি করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, যারা নির্বাচনের সময় এলে তসবিহ নিয়ে ঘুরে, তারাই ধর্ম নিয়ে ব্যবসা করে।
সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে ইউরোপীয় ইউনিয়নের ঢাকাস্থ দূতাবাসে আট দেশের দূতদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। তিনি আসন্ন নির্বাচন পেছালে দেশ গভীর সংকটে পড়ার আশঙ্কা প্রকাশ করেন এবং সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত ইসলাম ধর্মকে নিয়ে কোনো ব্যবসা বা অপব্যবহার করে না। তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতে নির্ধারিত জাতীয় নির্বাচন কোনো কারণে পেছালে দেশ গভীর সংকটে পড়বে এবং এটি জামায়াতের কাম্য নয়।
ডা. শফিকুর রহমান জানান, ক্ষমতায় গেলে জামায়াত 'ইনক্লুসিভ বাংলাদেশ' (সমন্বিত বাংলাদেশ) গড়বে এবং কোনো দলকেই বাদ দেওয়া হবে না। তিনি মনে করেন, জামায়াত ক্ষমতায় গেলে আগামী পাঁচ বছর দেশে স্থিতিশীলতা আসবে, অর্থনীতি ঘুরে দাঁড়াবে এবং সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা পাবে।
তিনি বলেন, যে দুটি বিষয়ে যাঁরা একমত হবেন, তাঁদের নিয়েই সরকার গঠনে তাঁর দল আগ্রহী: (১). নিজে দুর্নীতি করবেন না এবং দুর্নীতির প্রশ্রয় দেবেন না। (২). সকলের জন্য সমান বিচার নিশ্চিত করা হবে এবং বিচারিক বিষয়ে রাজনৈতিক হস্তক্ষেপ করা হবে না।
খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনৈতিক সংকট প্রসঙ্গে তিনি বলেন, সুস্থতা-অসুস্থতা আল্লাহর সিদ্ধান্তের ওপর নির্ভর করে। তবে এর সঙ্গে সমাজের চাকা সচল বা অচল হওয়া উচিত নয়। তিনি আরও বলেন, একই দিনে নির্বাচন ও গণভোট নিয়ে তাঁর শঙ্কা রয়েছে এবং তিনি আলাদা আলাদা দিনে ভোট করার পক্ষে মত দেন। দেশের স্বার্থে এই ফেব্রুয়ারির নির্বাচন খুবই প্রয়োজন এবং এর সামান্য নড়চড় হলেও দেশ গভীর সংকটে পড়তে পারে বলে তিনি পুনরায় সতর্ক করেন।
Copyright © 2026 All rights reserved.