প্রকাশের তারিখঃ Dec 8, 2025 ইং
এইচএসসিতে ঢাকা বোর্ডের বৃত্তি তালিকা প্রকাশ
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বৃত্তির তালিকা প্রকাশিত হয়েছে।
রবিবার (৭ ডিসেম্বর) বোর্ডের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকা অনুযায়ী, ঢাকা বোর্ড থেকে ৪৫৬ জন শিক্ষার্থী মেধাবৃত্তি এবং ৩,০৩২ জন শিক্ষার্থী সাধারণ বৃত্তি পাচ্ছেন। জাতীয়ভাবে সকল বোর্ড মিলে মোট ১,১২৫ জন মেধাবৃত্তি ও ৯,৩৭৫ জন সাধারণ বৃত্তি পাবেন।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের অফিস আদেশ অনুযায়ী, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে রাজস্ব খাতভুক্ত এই বৃত্তি প্রদান করা হচ্ছে। মেধাবৃত্তির হার মাসিক ৮২৫ টাকা এবং এককালীন বার্ষিক অনুদান ১,৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, সাধারণ বৃত্তির হার মাসিক ৩৭৫ টাকা এবং এককালীন বার্ষিক অনুদান ৭৫০ টাকা। এই বৃত্তি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণে আর্থিক সহায়তা দেবে। ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে প্রকাশিত তালিকা দেখতে পারবেন।
Copyright © 2026 All rights reserved.