প্রকাশের তারিখঃ Dec 8, 2025 ইং
খালেদা জিয়াকে নিতে কোনো অ্যাম্বুলেন্স আসছে না
উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যেতে ভাড়া করা জার্মান এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকায় আসছে না। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, জার্মানভিত্তিক 'এফএআই অ্যাভিয়েশন গ্রুপ' পূর্বের নেওয়া অবতরণের অনুমতি (স্লট অনুমোদন) বাতিলের আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে। এটি খালেদা জিয়ার লন্ডনযাত্রার সর্বশেষ ধাপ ছিল, যা এখন ফের অনিশ্চিত হয়ে পড়ল।
বেবিচকের একজন কর্মকর্তা সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এফএআই এভিয়েশন গ্রুপ তাদের স্থানীয় সমন্বয়কারী সংস্থার মাধ্যমেআগামীকাল মঙ্গলবার সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের জন্য নেওয়া স্লট অনুমোদনের প্রত্যাহারের আবেদন করেছে। এই বাতিলের অনুরোধ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। তবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ জানান, তিনি এখনও এয়ার অ্যাম্বুলেন্সটি না আসার আনুষ্ঠানিক বার্তা পাননি।
কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে গত শুক্রবার (৫ ডিসেম্বর) ভোরে খালেদা জিয়ার লন্ডন যাওয়ার কথা ছিল। কিন্তু 'কারিগরি ত্রুটির কারণে' সেই অ্যাম্বুলেন্স বাতিল করা হয়। এরপর কাতার সরকার জার্মানি থেকে ভাড়া করা একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর ঘোষণা দেয়। ওই জার্মান এয়ার অ্যাম্বুলেন্সটির অবতরণের প্রাথমিক আবেদন গতকাল রবিবার (৭ ডিসেম্বর) বেবিচকে জমা পড়েছিল এবং মঞ্জুর সাপেক্ষে এটি আগামীকাল মঙ্গলবার ঢাকায় আসার কথা ছিল। কিন্তু সর্বশেষ মেডিকেল বোর্ডের পক্ষ থেকে বলা হয়, খালেদা জিয়া এখনো বিমানযাত্রার সক্ষমতা অর্জন করেননি। ধারণা করা হচ্ছে, শারীরিক অবস্থার কারণে আপাতত এই যাত্রা বাতিল করা হলো। এখন নতুন করে কবে নাগাদ এই এয়ার অ্যাম্বুলেন্সের জন্য আবেদন করা হবে এবং কবে খালেদা জিয়া লন্ডন যেতে পারবেন, সে বিষয়ে বিএনপি বা তার মেডিকেল বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি।
Copyright © 2026 All rights reserved.