প্রকাশের তারিখঃ Dec 9, 2025 ইং
মাদারীপুরে স্কুলছাত্রী ধর্ষণ, গণধোলাইয়ের পর যুবক গ্রেপ্তার
মাদারীপুরের শিবচর উপজেলায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে প্রথম শ্রেণির এক ছয় বছর বয়সী শিশু শিক্ষার্থীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে মিঠুন মজুমদার (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শিবচরের দত্তপাড়া এলাকায়।
সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটলে রাতে শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত মিঠুন মজুমদারকে স্থানীয়রা গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে এবং পুলিশ তাকে গ্রেপ্তার করে মঙ্গলবার (৯ ডিসেম্বর) আদালতে পাঠিয়েছে। ভুক্তভোগী শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে দত্তপাড়া এলাকার বাসিন্দা বিষ্ণু মজুমদারের ছেলে মিঠুন মজুমদার (২৫) বাবনাতলা স্কুল থেকে বাড়ি ফেরা পথে শিশুটিকে একা পেয়ে ভয় দেখিয়ে জোরপূর্বক রাস্তা থেকে তুলে নেন। এরপর নিজের ঘরে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করেন এবং বিকেলে ছেড়ে দেন।
শিশুটির মা জানান, তাঁদের মেয়ে খুব নরম স্বভাবের এবং ভীতু। শিশুটি বাড়িতে ফিরে আসার পর তার শারীরিক অবস্থা দেখে পরিবারের সদস্যরা সন্দেহ করেন। এরপর শিশুর কাছে ঘটনা শুনে তাকে দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
এলাকায় ঘটনা জানাজানি হলে স্থানীয় ক্ষুব্ধ জনতা অভিযুক্ত মিঠুনকে গণধোলাই দেয়। খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে হেফাজতে নেয়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, এই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা করেছেন। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করে মঙ্গলবার সকালে মাদারীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। শিশুটির পরিবার অপরাধীর সর্বোচ্চ শাস্তি দাবি করেছে।
Copyright © 2026 All rights reserved.