প্রকাশের তারিখঃ Dec 9, 2025 ইং
নতুন বই বিতরণে মাউশির ৫ জরুরি নির্দেশনা
২০২৬ শিক্ষাবর্ষে ইবতেদায়ি, দাখিল, মাধ্যমিক ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যের পাঠ্যপুস্তক গ্রহণ ও বিতরণের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পাঁচ দফা নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
শিক্ষার্থীদের হাতে সময়মতো মানসম্মত বই পৌঁছে দিতে মুদ্রণকারী প্রতিষ্ঠান থেকে শুরু করে জেলা ও উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য এই নির্দেশনাগুলো অনুসরণ করা বাধ্যতামূলক করা হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) মাউশির সহকারী পরিচালক এস. এম. জিয়াউল হায়দার হেনরীর সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
মাউশির পক্ষ থেকে জানানো হয়েছে, মুদ্রণকারী প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যে ইবতেদায়ি, মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্সন), দাখিল, এসএসসি ও দাখিল ভোকেশনাল এবং কারিগরি (ট্রেড) স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক সরবরাহ শুরু করেছে। এই বই গ্রহণ ও বিতরণ প্রক্রিয়াকে আরও সুচারুভাবে পরিচালনার জন্য গুরুত্ব দেওয়া হয়েছে।
মাউশি কর্তৃক জারি করা পাঁচটি মূল নির্দেশনা নিচে দেওয়া হলো:
১. বই বুঝে নেওয়া: জেলা, উপজেলা বা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সটবুক বোর্ড (এনসিটিবি)-এর নির্ধারিত টেকনিক্যাল স্পেসিফিকেশন অনুযায়ী মুদ্রণকারী প্রতিষ্ঠানগুলো থেকে মানসম্মত বই বুঝে নিতে হবে।
২. অনলাইন চালান অনুমোদন: বই গ্রহণের পর সংশ্লিষ্ট কর্মকর্তাদের https://nctb.ihealthscreen.org ঠিকানায় প্রবেশ করে 'পাঠ্যপুস্তক গ্রহণ বা বিতরণ সিস্টেম'-এর 'Chalan Management' অপশনে বিদ্যমান ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে দ্রুত অনলাইনে চালানের অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
৩. কার্যক্রমের গতি: পাঠ্যপুস্তক গ্রহণের পর সর্বোচ্চ দ্রুততার সঙ্গে অনলাইনে চালানের অনুমোদন সম্পন্ন করা আবশ্যক।
৪. ছুটির দিনেও কাজ: শিক্ষার্থীদের হাতে সময়মতো বই পৌঁছানোর জন্য সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও বই সরবরাহ ও গ্রহণের কার্যক্রম চলমান থাকবে।
৫. ইউজার আপডেট: সব জেলা, উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা অফিসারকে অবশ্যই নিজ নিজ ইউজার অ্যাকাউন্টে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নাম, মোবাইল নম্বর ও স্বাক্ষর হালনাগাদ করে আপলোড করতে হবে।
Copyright © 2026 All rights reserved.