প্রকাশের তারিখঃ Dec 9, 2025 ইং
ভ্যাট সপ্তাহ: ১ লাখ নতুন নিবন্ধন বাড়াবে এনবিআর
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জাতীয় ভ্যাট দিবস (১০ ডিসেম্বর) উপলক্ষে ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভ্যাট সপ্তাহ পালন করবে। এ ছাড়া, সংস্থাটি আগামীকাল থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী বিশেষ নিবন্ধন ক্যাম্পেইন পরিচালনা করার ঘোষণা দিয়েছে।
এই ক্যাম্পেইনের মাধ্যমে নতুন করে এক লাখ বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (বিন) নিবন্ধনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এনবিআর। বর্তমানে নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ৬ লাখ ৪৪ হাজার। এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানিয়েছেন, কর ফাঁকি কমানো এবং স্বেচ্ছায় কর প্রদান নিশ্চিত করাই তাঁদের প্রধান লক্ষ্য।
ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এসব তথ্য জানান। এ বছর ভ্যাট দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘সময়মতো নিবন্ধন নিব, সঠিকভাবে ভ্যাট দিব’। এই প্রতিপাদ্যকে গুরুত্ব দিয়েই মাসব্যাপী বিশেষ নিবন্ধন ক্যাম্পেইন পরিচালিত হবে।
এনবিআর চেয়ারম্যান বলেন, গত অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের মোট রাজস্ব আদায়ের ৩৮ শতাংশই এসেছে ভ্যাট বা মূল্য সংযোজন কর থেকে। চলতি অর্থবছরের প্রথম মাসে গত বছরের একই সময়ের তুলনায় ভ্যাট আদায় ২২ শতাংশ বেড়েছে। তিনি মনে করেন, ভ্যাট আদায় ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করার মাধ্যমে দেশের অর্থনীতিকে মজবুত করা সম্ভব।
তিনি আরও জানান, কর আদায় ব্যবস্থা এখন অনলাইনে হওয়ায় করদাতারা ঝামেলামুক্তভাবে কর দিতে পারছেন। গত অর্থবছরে যেখানে ১৭ লাখ ই-রিটার্ন জমা পড়েছিল, সেখানে চলতি অর্থবছরে ৪০ লাখ ই-রিটার্ন জমা পড়ার বিষয়ে এনবিআর আশাবাদী। আজকের দিন পর্যন্ত প্রায় ২২ লাখ ই-রিটার্ন জমা পড়েছে।
রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বাড়ানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, দেশের আয় বাড়ানো না গেলে রাষ্ট্র ঝুঁকিতে পড়তে পারে। তবে তিনি নিশ্চিত করেন যে, কোনো অবস্থাতেই করদাতাদের প্রতি জুলুম করা হবে না। বরং যারা কর ফাঁকি দিচ্ছেন, তাদের কাছ থেকে কর আদায় বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি দেশের স্বার্থে সকলকে স্বেচ্ছায় ভ্যাট প্রদানের আহ্বান জানান। সংবাদ সম্মেলনে এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Copyright © 2026 All rights reserved.