প্রকাশের তারিখঃ Dec 9, 2025 ইং
সংস্কারের পথে প্রধান বাধা আমলাতন্ত্র: টিআইবি
বাংলাদেশে সংস্কার ও পরিবর্তনের পথে সবচেয়ে বড় অন্তরায় হলো সরকারি কর্মকর্তা বা আমলাতন্ত্র। এমন মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বিভিন্ন সংস্কার কমিশন অন্তর্বর্তীকালীন সরকারকে আশু বাস্তবায়নযোগ্য বেশ কিছু সুপারিশ দিলেও কার্যত কোনোটিই বাস্তবায়িত হয়নি।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে টিআইবি কার্যালয়ে 'কর্তৃত্ববাদ পতন-পরবর্তী বাংলাদেশের গণমাধ্যমের পরিস্থিতি' শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
টিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান প্রশ্ন তুলে বলেন, যদি কোনো সংস্কারই বাস্তবায়ন না হয়, তাহলে শুধু রাজনৈতিক শক্তিকে দায় দিয়ে কী লাভ? তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের উচিত ছিল নিজেদের উদ্যোগে দ্রুত সুপারিশগুলো বাস্তবায়ন করা। কিন্তু সেখানে সিদ্ধান্ত নিতে প্রতিবন্ধকতা কোথায় ছিল?
তিনি আরও বলেন, আমরা সবসময় বলে আসছি দেশের প্রতিটা মানুষ সংস্কার চায়। কিন্তু যারা সংস্কার চায়, তাদের ভেতরে যে প্রতিরোধমূলক শক্তি আছে, সেটা আমরা উপলব্ধি করতে চাইনি। উদাহরণস্বরূপ, গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বা প্রস্তাবনাগুলো বাস্তবায়ন করার দায়িত্ব তথ্য মন্ত্রণালয়ের। এই বাস্তবায়ন বা ভূমিকাটা আসলে যারা নেবেন, অর্থাৎ সরকারি কর্মকর্তা বা আমলাতন্ত্র, তারাই হলো বাংলাদেশের সংস্কারের পথে সবচেয়ে বড় বাধা। এই আমলাতান্ত্রিক জটিলতা ও প্রতিরোধই সরকারের পরিবর্তনমূলক উদ্যোগগুলোকে আটকে দিচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
Copyright © 2026 All rights reserved.