প্রকাশের তারিখঃ Dec 9, 2025 ইং
প্রেমিকের বাড়ি থেকে স্কুল ছাত্রীর মরা দেহ উদ্ধার
যশোর সদর উপজেলার ইছালি রামকৃষ্ণপুর গ্রামে দশম শ্রেণির ছাত্রী নাদিরা আক্তার নদীর (১৫) রহস্যজনক মৃত্যু ঘিরে তৈরি হয়েছে ঘোর জট।মৃত নাদিরা আক্তার নদী ইছালি রামকৃষ্ণপুর গ্রামের প্রবাসী মকতুল মোল্লার মেয়ে ও ইছালি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্রী।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভোর রাতে প্রেমিক নাজমুলের বাড়ির উঠানে আম গাছে ঝুলন্ত অবস্থায় নদীর লাশ উদ্ধার করেছে পুলিশ। কিন্তু এই মৃত্যু নিয়েই চলছে পাল্টাপাল্টি অভিযোগ।
মৃতার পরিবারের সদস্যদের দাবি, এটি নিছক আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। তাদের অভিযোগ, প্রেমিক নাজমুল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ তিন বছর নদীর সঙ্গে সম্পর্ক রেখেছিল। সম্প্রতি নাজমুল তাকে প্রত্যাখ্যান করলে নদী মঙ্গলবার রাতে বাড়িতে বিয়ের দাবিতে যায়। এ সময় প্রেমিক ও তার পরিবারের সদস্যরা নদীকে মারপিট করে গুরুতর জখম করে। গুরুতর আহত অবস্থায় আজ ভোর রাতে তিনি মারা যান। হত্যার ঘটনার পর ধামাচাপা দিতে গামছা ও ওড়না পেঁচিয়ে লাশ গাছে ঝুলিয়ে দেয়।
অন্যদিকে, নাজমুল ও তার বাড়ির সদস্যদের দাবি, মেয়েটি আত্মহত্যা করেছে।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানিয়েছেন, প্রাথমিকভাবে প্রেম সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে এই মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা-সেই রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
Copyright © 2026 All rights reserved.