প্রকাশের তারিখঃ Dec 9, 2025 ইং
চার জন নারীকে বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: সমাজে নারীদের বিভিন্ন অবদানের স্বীকৃতি স্বরুপ প্রতি বছরের মতো এবারও নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার এবং নারী জাগরণে অসাধারণ অবদানের জন্য চার বিশিষ্ট নারীকে সম্মানিত করা হলো রোকেয়া পদকে। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন বেগম রোকেয়া।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাদের হাতে পদক তুলে দেন।
এবার যারা পদক পেলেন তারা হলেন– নারীশিক্ষা শ্রেণিতে (গবেষণা) রুভানা রাকিব, নারী অধিকার শ্রেণিতে (শ্রম অধিকার) কল্পনা আক্তার, মানবাধিকার শ্রেণিতে নাবিলা ইদ্রিস ও নারী জাগরণ শ্রেণিতে (ক্রীড়া) ঋতুপর্ণা চাকমা।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করছে। রোকেয়া দিবস উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নানা কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নারীমুক্তি ও মানবাধিকার নিয়ে ব্যাপক সামাজিক আন্দোলনের মধ্যে দিয়ে নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেগম রোকেয়া দিবস উপলক্ষে দেওয়া বাণীতে তিনি বলেন, প্রতি বছরের মতো এবারও ৯ ডিসেম্বর দেশে নারী শিক্ষার অগ্রদূত বেগম রোকেয়া স্মরণে বেগম রোকেয়া দিবস উদযাপিত হচ্ছে জেনে আমি আনন্দিত।
প্রধান উপদেষ্টা বলেন, এই অঞ্চলের নারী সমাজকে যথাযোগ্য মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করার প্রয়াসে বেগম রোকেয়ার অসামান্য অবদান জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। আজ বেগম রোকেয়া দিবস উপলক্ষে আমি এই মহীয়সী নারীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই।
তিনি বলেন, ঊনবিংশ শতাব্দীতে রক্ষণশীল সমাজব্যবস্থায় পিছিয়ে পড়া নারীদের ভাগ্যোন্নয়নের মূল চাবিকাঠি শিক্ষা। এ উপলব্ধি থেকে বেগম রোকেয়া নারীশিক্ষা বিস্তারে বিরাট সাহসী ভূমিকা পালন করেন। বেগম রোকেয়া নারী উন্নয়নের পথে যে যাত্রা শুরু করেছিলেন, তার ধারাবাহিকতায় নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার।
এদিকে বেগম রোকেয়া দিবস ২০২৫’-এর আলোচনা সভায় নারীর স্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী অবিলম্বে পাশের দাবি জানিয়েছেন বিভিন্ন পেশাজীবী নারীরা।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরাম ও নারী মৈত্রীর যৌথ আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও আলোচনা সভায় বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরামের পক্ষ থেকে সাংবাদিক মমতাজ বিলকিস, মকবুলা পারভীন ও রোজী ফেরদৌসকে বেগম রোকেয়া পদক প্রদান করা হয়।
আলোচনা সভায় জানানো হয়, বেগম রোকেয়া নারীর অধিকার ও নারী নেতৃত্বের অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার অগ্রপথিক। আজকের এই রোকেয়া দিবসে আমরা স্মরণ করি রোকেয়ার সেই প্রগতিশীল চিন্তা— যে চিন্তা নারীর মুক্তি, শিক্ষার বিস্তার এবং বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠার কথা বলে। এই প্রেক্ষাপটে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনীর দাবি শুধুমাত্র জনস্বাস্থ্য রক্ষার বিষয় নয়— এটি নারীর স্বাস্থ্য সুরক্ষা, নারীর অধিকার এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ার জন্য অপরিহার্য।
Copyright © 2026 All rights reserved.