প্রকাশের তারিখঃ Dec 10, 2025 ইং
তফসিল ঘোষণার আগে বঙ্গভবনে সিইসি
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে সবশেষ রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন-এর নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় তাঁদের এই সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। রেওয়াজ অনুযায়ী, তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতিকে সার্বিক প্রস্তুতি অবহিত করা হয়, এরপর সিইসি বেতার ও টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণের মাধ্যমে নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
পাঁচ সদস্যের নির্বাচন কমিশন বুধবার বেলা ১১টা ৪৫ মিনিটে ইসি থেকে বঙ্গভবনের উদ্দেশে যাত্রা শুরু করেন। এর আগে তাঁরা নিজেদের মধ্যে একটি বৈঠক করেন। ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠানের লক্ষ্যে চলতি সপ্তাহেই তফসিল ঘোষণার প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচন ভবনের আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বুধবার বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে সিইসির ভাষণ রেকর্ড করার কথা রয়েছে। ওই ভাষণের মাধ্যমেই ভোটের তারিখ, মনোনয়নপত্র সংগ্রহ ও জমার শেষ দিন, বাছাই এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়সহ নির্বাচন সংশ্লিষ্ট সব তথ্য ঘোষণা করা হবে। গণভোটের জন্য শুধু ভোটের তারিখটি উল্লেখ করা হবে।
তফসিল ঘোষণার পূর্বে প্রধান নির্বাচন কমিশনার এরই মধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এবারই প্রথম সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে পোস্টাল ভোটিং যুক্ত করা হয়েছে এবং নিবন্ধিত প্রবাসী বাংলাদেশিরাও তৃতীয় গণভোটে অংশ নিতে পারবেন।
এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের বাকি সদস্যরা হলেন— নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ।
Copyright © 2026 All rights reserved.