প্রকাশের তারিখঃ Dec 10, 2025 ইং
আদায় হওয়া ভ্যাটও কোষাগারে পৌঁছায় না: অর্থ উপদেষ্টা
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দীন আহমেদ মন্তব্য করেছেন যে, বাংলাদেশে দুঃখজনকভাবে অনেক সময় ভ্যাট আদায় হলেও তা সরকারের কোষাগারে সঠিকভাবে পৌঁছায় না।
বুধবার (১০ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর প্রধান কার্যালয়ে ভ্যাট দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, জিডিপির তুলনায় দেশে ভ্যাট আদায়ের পরিমাণ এখনো অনেক কম। রাজস্ব বাড়াতে এনবিআরকে আধুনিকায়ন এবং করের পরিধি বাড়ানোর আহ্বান জানান তিনি, যাতে মানুষ কর দিয়ে তার বিনিময়ে সেবা পেতে পারে।
এনবিআরের সেমিনারে অর্থ উপদেষ্টা সালেহউদ্দীন আহমেদ ভ্যাটকে উন্নয়নের জন্য একটি আধুনিক ব্যবস্থা হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, দেশের কর-জিডিপি অনুপাত খুবই কম। কোনো কোনো দেশে এই অনুপাত ২৬ শতাংশ হওয়ার কারণে সেখানকার নাগরিকেরা উন্নত সেবা পায়। তিনি জোর দিয়ে বলেন, রাজস্ব বাড়ানো না গেলে সরকার কীভাবে কাজ করবে?
তিনি রাজস্ব বাড়ানোর বিষয়ে পরামর্শ দিয়ে বলেন, সরকার যদি হাসপাতাল ও শিক্ষায় মানসম্পন্ন সেবা নিশ্চিত করতে পারে, তাহলে জনগণ স্বেচ্ছায় রাজস্ব দিতে এগিয়ে আসবে। এনবিআরকে উদ্দেশ করে তিনি বলেন, "কর দিলাম, সেবা পাব না। কর দিলে কী লাভ হলো— এই প্রশ্ন যেন মানুষ করতে না পারে।" তিনি এনবিআরকে পরিধি বাড়াতে, আধুনিকায়ন করতে এবং সম্পূরক ডিউটি কমাতে বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক বিভাগের সচিব নাজমা মোবারেক বলেন, সরকার বর্তমানে অনেকগুলো সংস্কারের উদ্যোগ নিয়েছে, যা একটি ইতিবাচক গতি তৈরি করেছে। তিনি অটোমেশন এবং ভ্যাট অব্যাহতির ক্ষেত্র কমানোর উদ্যোগকে বড় সাফল্য হিসেবে উল্লেখ করেন।
আন্তর্জাতিক চেম্বার অফ কমার্স (আইসিসি) বাংলাদেশের চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন, দেশে ভ্যাট আদায়ের ব্যাপক সম্ভাবনা থাকলেও প্রত্যাশিত হারে তা আদায় হচ্ছে না। তিনি ভোক্তাদের ভ্যাট দিতে প্রস্তুত থাকা এবং ব্যবসায়ীদের সঠিকভাবে ভ্যাট আদায় করে এনবিআরকে দেওয়ার বিষয়ে কোনো ব্যত্যয় না করার আহ্বান জানান।
এদিকে, 'সময়মত নিবন্ধন নেব, সঠিকভাবে ভ্যাট দেব' এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীসহ দেশের সব বিভাগীয় শহর ও কমিশনার কার্যালয়ে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন হচ্ছে।
Copyright © 2026 All rights reserved.