প্রকাশের তারিখঃ Dec 10, 2025 ইং
রাজবাড়ীতে মসজিদের দানবাক্সের তালা কেটে টাকা চুরি
রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর হাট নজর আলী কেন্দ্রীয় জামে মসজিদে রাতের আঁধারে দানবাক্সের তালা কেটে টাকা চুরির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে। মসজিদের পাশের দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুইজন যুবক প্রথমে দানবাক্সের লাইট খুলে ফেলে এবং পরে তালা কেটে টাকা নিয়ে যায়। মসজিদের ইমামের ধারণা, দানবাক্স থেকে প্রায় ৫০০ থেকে ৭০০ টাকা চুরি হয়েছে।
মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো. হাফিজুর রহমান জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, রাত ২টা ৪৭ মিনিটে দুইজন যুবক হেঁটে এসে প্রথমে দানবাক্সের পাশে থাকা লাইটটি খুলে ফেলে। এরপর তারা দানবাক্সের তালা ভেঙে টাকা চুরি করে নিয়ে যায়। তিনি বলেন, সাধারণত ১০ থেকে ১৫ দিন পরপর দানবাক্সটি খোলা হয় এবং এতে ৫ থেকে ৭০০ টাকা পাওয়া যায়। যেহেতু ১০ দিন আগে শেষবার খোলা হয়েছিল, তাই ধারণা করা হচ্ছে প্রায় ৫০০ থেকে ৭০০ টাকার মতো চুরি হয়েছে।
ইমাম হাফিজুর রহমান আরও অভিযোগ করেন, এই মসজিদের দানবাক্সে এর আগেও অন্তত তিন থেকে চারবার চুরির ঘটনা ঘটেছে।
এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান জানান, বিষয়টি তাঁর জানা নেই। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বসন্তপুর ইউনিয়নের বিট অফিসার ও রাজবাড়ী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) খালিদ মাহমুদও একই কথা জানিয়েছেন যে, তিনি খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন।
Copyright © 2026 All rights reserved.