প্রকাশের তারিখঃ Dec 10, 2025 ইং
সবচেয়ে মূল্যবান ফুটবলারের পুরস্কার জিতে মেসির নতুন ইতিহাস
সবচেয়ে মূল্যবান ফুটবলারের পুরস্কার জিতে মেসি গড়ল নতুন ইতিহাস।চমকপ্রদ কিছু ঘটেনি, আমেরিকান মেজর লিগ সকারে (এমএলএস) এবার সেরা ফুটবলার কে হবেন সেটা অনুমেয়–ই ছিল। অবশেষে প্রত্যাশা সত্যি করে টানা দ্বিতীয়বার এমএলএসের ‘সবচেয়ে মূল্যবান খেলোয়াড় হলেন আর্জেন্টাইন এই মহাতারকা। লিগের ইতিহাসে আগে কোনো খেলোয়াড়ই কখনো পরপর দুই মৌসুমে এই সম্মান পাননি।আর আগে কেউই টানা দ্বিতীয়বার এই পুরস্কার জেতেনি। এর আগে কেবল প্রিড্রাগ রাদোসাভলজেভিচ দু’বার (১৯৯৭ ও ২০০৩) মূল্যবান খেলোয়াড় হয়েছিলেন।
তিনদিন আগে ইন্টার মায়ামিকে প্রথমবার এমএলএস কাপের শিরোপা জিতিয়েছেন মেসি। ফ্লোরিডার ক্লাবটি ফাইনালে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে ৩-১ গোলে হারিয়েছে। এদিন গোল না পেলেও জোড়া অ্যাসিস্ট করেছেন মেসি। এর আগে তিনি এমএলএসে চলতি মৌসুমের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জিতেছেন। মায়ামির জার্সিতে আমেরিকার সর্বোচ্চ এই প্রতিযোগিতায় ৩৪ ম্যাচে করেছেন ৩৫ গোল ও ২৮ অ্যাসিস্ট।
সবমিলিয়ে মায়ামির মোট ১০১ গোলের ৬৩টিতেই অবদান রেখেছেন বিশ্বকাপজয়ী এই আলবিসেলেস্তে অধিনায়ক। ২০২৩ সালে মায়ামিতে যোগদানের পর ক্লাবটিকে ইতিহাসের পাতায় তুলে স্বভাবতই দারুণ খুশি মেসি, আমরা এই ক্লাবে আসার পর শীর্ষস্থানে পৌঁছানো ছিল অনেক বড় চ্যালেঞ্জ। কারণ ক্লাবটি নতুন। এবার লক্ষ্য ছিল এমএলএস কাপ জয় এবং মায়ামিকে সবার ওপরে বসানো। আমাদের অনেক বেশি ম্যাচ ও প্রতিযোগিতায় যেতে হয়েছে। এখানে ফাইনাল এবং তার আগে ক্লাব বিশ্বকাপ মিলিয়ে আমরা দুর্দান্ত করেছি।
সম্প্রতি মায়ামির সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছেন মেসি। ডেভিড বেকহ্যামের ক্লাবকে সর্বোচ্চ চূড়ায় তোলার পুরস্কার যে তিনি পাবেন সেটা আগেই অনুমেয় ছিল। তবে বয়স ও ওয়ার্কলোড বিবেচনায় দ্বিধা ছিল এই চুক্তি নিয়ে। এবারের এমএলএস মূল্যবান ফুটবলার বাছাইয়ে ৭০ শতাংশের বেশি ভোট পেয়েছেন মেসি। অথচ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সান দিয়েগো উইঙ্গার অ্যান্ডার্স দ্রেয়ারের কপালে জুটেছে স্রেফ ১১ শতাংশ ভোট।
২০২২ কাতার বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে ক্যারিয়ারের পূর্ণতা পাওয়া লিওনেল মেসি এখন পর্যন্ত জিতেছেন রেকর্ড ৪৮টি শিরোপা। ব্যক্তিগত অর্জনের তালিকাটাও যেন একেকটি ইতিহাস। ৮ বার ব্যালন ডি’অর, ৩ বার ফিফা বেস্ট মেনস প্লেয়ার, ২ বার বিশ্বকাপের গোল্ডেন বল, ৩ বার উয়েফা বর্ষসেরা ফুটবলার, ৬ বার ইউরোপিয়ান গোল্ডেন সু, লা লিগায় ৬ বার সেরা খেলোয়াড়, স্প্যানিশ ফুটবলে সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতিতে ৮টি পিচিচি ট্রফি এবং ১৫ বার আর্জেন্টিনার বর্ষসেরা ফুটবলারের সম্মান। ২০২৬ বিশ্বকাপেও আর্জেন্টিনার জার্সি গায়ে জড়ানোর কথা রয়েছে এই ৩৮ বছর বয়সী তারকার।
Copyright © 2026 All rights reserved.