প্রকাশের তারিখঃ Dec 10, 2025 ইং
গভীর নলকূপের গর্তে ২ বছরের শিশু, চলছে উদ্ধার চেষ্টা
রাজশাহীর তানোর উপজেলায় একটি পরিত্যক্ত গভীর নলকূপের প্রায় ৩০ ফুট গভীরে মো. স্বাধীন (২) নামে এক শিশু আটকা পড়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। সন্ধ্যা গড়িয়ে যাওয়ার পরও শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক দল ঘটনাস্থলে এসে শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করেছে। সর্বশেষ খবর অনুযায়ী, শিশুটি জীবিত আছে বলে ফায়ার সার্ভিসের কর্মীরা নিশ্চিত করেছেন।
আটকে পড়া শিশু স্বাধীন ওই গ্রামের রাকিব উদ্দীন-এর ছেলে। স্থানীয় বাসিন্দা ও শিশুটির পরিবারের সদস্যরা জানান, বুধবার দুপুরে রাকিব ও তাঁর স্ত্রী তাঁদের দুই বছরের ছেলেকে নিয়ে জমিতে মাটি নিয়ে আসা একটি আটকে যাওয়া ট্রলি দেখতে গিয়েছিলেন। সেই সময় শিশুটি তার মায়ের কোল থেকে নেমে জমির মধ্যে থাকা পরিত্যক্ত গভীর নলকূপের খোলা গর্তে পড়ে যায়।
শিশুটির মা রুনা খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, গর্তের মধ্য থেকে তাঁর সন্তানের 'মা মা' ডাক শোনা যাচ্ছে। তবে গভীরতা বেশি হওয়ায় তাঁরা তাকে তুলতে পারেননি। স্থানীয়রা আরও অভিযোগ করেন, নলকূপটির মালিক তাহের দীর্ঘদিন ধরে মুখ খোলা অবস্থায় পাইপটি ফেলে রেখেছিলেন এবং কোনো সতর্কতামূলক ব্যবস্থা নেননি।
তানোর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল রউফ জানান, শিশুটিকে জীবিত উদ্ধারের জন্য জোর চেষ্টা চালানো হচ্ছে। উদ্ধার কাজে সহায়তা করতে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের আরও দুটি দল ঘটনাস্থলে পৌঁছেছে।
তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান শিশুটির বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন এবং তাকে দ্রুত উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেওয়ার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
Copyright © 2026 All rights reserved.