প্রকাশের তারিখঃ Dec 10, 2025 ইং
নৌকার ইঞ্জিনে লুঙ্গি পেঁচিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু
নেত্রকোনার খালিয়াজুরীতে ইঞ্জিনচালিত নৌকার ইঞ্জিনে পরনের লুঙ্গি পেঁচিয়ে মো. হানিফ মিয়া (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (১০ ডিসেম্বর) সকালে খালিয়াজুরীর রসুলপুর ঘাটে এই দুর্ঘটনা ঘটে। নিহত হানিফ পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার পাঠান গ্রামের বাসিন্দা। নৌকাতে বাঁশবোঝাই করে তাহেরপুর যাওয়ার পথে রসুলপুর ঘাটে বিরতির পর নৌকা ছাড়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মো. হানিফ মিয়া কিশোরগঞ্জের ইটনা থেকে ছয় মাসের জন্য একটি ইঞ্জিনচালিত নৌকা ভাড়া নিয়েছিলেন। বাঁশ বোঝাই করে তিনি তাহেরপুর যাচ্ছিলেন। পথিমধ্যে খালিয়াজুরীর রসুলপুর গ্রামের দক্ষিণ পাশে নৌকাটি নোঙর করে যাত্রাবিরতি নেন।
বুধবার সকালে নৌকাটি পুনরায় ছাড়ার সময় নৌকায় থাকা অপর একজন ব্যক্তি ইঞ্জিন চালু করে দেন। সে সময় হঠাৎ করেই হানিফের পরনের লুঙ্গি ইঞ্জিনের সঙ্গে পেঁচিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খালিয়াজুরীর লেপসিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ জগৎজ্যোতি চৌধুরী এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত যুবকের মরদেহ উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
Copyright © 2026 All rights reserved.