প্রকাশের তারিখঃ Dec 12, 2025 ইং
পাবনায় বিষাক্ত মদপানে ২ যুবকের মৃত্যু
পাবনায় বিষাক্ত মদপানের কারণে দুই যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন পাবনা শহরের গোপালপুর মহল্লার সুমন সরকার (৩৫) এবং রাধানগর মক্তব এলাকার মামুন (৩২)। যদিও পরিবারের সদস্যরা তাঁদের মৃত্যুর কারণ হিসেবে গ্যাস্ট্রিকের কথা দাবি করছেন, তবে হাসপাতালের নথিতে মৃত্যুর কারণ হিসেবে মদপানের উল্লেখ রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। স্থানীয়দের দাবি, জেলা আওয়ামী লীগের এক নেতার মদের বার থেকে মদ পান করে তাঁরা অসুস্থ হয়ে পড়েন।
পাবনা জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, অসুস্থ অবস্থায় দুই যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়। সিনিয়র স্টাফ নার্স সুখি খাতুন জানান, তাঁদের একজনকে রাত ১২টার দিকে এবং অন্যজনকে রাত ৩টার দিকে আনা হয়েছিল। একজনের মৃত্যু হাসপাতালেই হয় এবং তাঁর স্বজনরা মরদেহ নিয়ে যান। অন্যজন রাজশাহী নিয়ে যাওয়ার পথে মারা যান।
পাবনা সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালের নথিপত্র অনুযায়ী তাঁদের মৃত্যুর কারণ 'মদপান' উল্লেখ আছে। তিনি জানান, কোথা থেকে এবং কী ধরনের মদ পান করে তাঁরা মারা গেলেন, তা তদন্তের পরেই বিস্তারিত জানা যাবে।
এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, পাবনা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রলয় চাকীর পরিচালিত মদের বার 'চাকী বাড়ি' থেকে 'পিড' নামের এক ধরনের বিষাক্ত মদ পান করার পর তাঁরা গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং পরে তাঁদের মৃত্যু হয়। পুলিশ পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।
Copyright © 2026 All rights reserved.