প্রকাশের তারিখঃ Dec 12, 2025 ইং
শাহজালাল বিমানবন্দরে ৭৬টি স্পাই ডিভাইসসহ দুই যুবক আটক
নিয়োগ ও ভর্তি পরীক্ষার জালিয়াতিতে ব্যবহৃত বিপুল সংখ্যক ইলেকট্রনিক স্পাই ডিভাইসসহ দুজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-১৩)।
শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহিরাঙ্গন এলাকা থেকে অভিযান চালিয়ে শাহারুন আলী (৩৮) এবং মো. ইকবাল হোসেন জীবন (৩৫) নামে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৭৬টি ডিজিটাল স্পাই ডিভাইস, ৫০টি ইয়ারপিস, ৩টি ল্যাপটপসহ অন্যান্য সামগ্রী জব্দ করা হয়েছে। এই নিষিদ্ধ ডিভাইসগুলো চীন থেকে আনা হয়েছিল বলে জানা গেছে।
এপিবিএন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই দুইজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শাহারুন আলী স্বীকার করেছেন যে, তিনি সাধারণ যাত্রী সেজে চীন থেকে এই আমদানি নিষিদ্ধ ডিভাইসগুলো নিয়ে আসেন। এরপর বিমানবন্দরের বাইরে অপেক্ষায় থাকা চক্রের সদস্য ইকবাল হোসেন জীবনের সঙ্গে সেগুলো নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
উদ্ধার হওয়া ডিভাইসগুলো দেখতে ক্রেডিট কার্ডের মতো, যা সহজে শনাক্ত করা যায় না। এগুলোতে সিম সংযোগ দিয়ে স্বয়ংক্রিয়ভাবে ইনকামিং কল রিসিভ করা যায়। এছাড়াও, কানের গহ্বরে প্রবেশ করানোর মতো অদৃশ্য ইয়ারপিস এবং তা বের করার জন্য স্বচ্ছ থ্রেডও জব্দ করা হয়েছে। এই উপকরণগুলো ব্যবহার করেই অসাধু চক্র পরীক্ষার হলে জালিয়াতি করত।
এপিবিএন-এর অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মাদ মোজাম্মেল হক নিশ্চিত করেছেন যে, এই ডিভাইসগুলো নিয়োগ ও ভর্তি পরীক্ষায় জালিয়াতির কাজে ব্যবহৃত হতো বলে প্রমাণ রয়েছে। তিনি আরও জানান, আটক দু'জনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং যেকোনো অসাধু কার্যক্রম ঠেকাতে তাঁদের নিয়মিত অভিযান চলছে।
Copyright © 2026 All rights reserved.