প্রকাশের তারিখঃ Dec 12, 2025 ইং
গুলিবিদ্ধ হাদি, কঠোর বার্তা প্রধান উপদেষ্টার
রাজধানীর বিজয়নগর এলাকায় ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার এক বিবৃতিতে তিনি এই সহিংস হামলাকে 'একেবারে অগ্রহণযোগ্য' বলে মন্তব্য করেন। তিনি অবিলম্বে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, আহত হাদির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে তদারকির নির্দেশ দিয়েছেন তিনি।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, নির্বাচনী পরিবেশে এমন সহিংস হামলা দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক অঙ্গনের জন্য অত্যন্ত দুঃখজনক।
অধ্যাপক ইউনূস বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে কোনো ধরনের সহিংসতা বরদাশত করা হবে না। তিনি জোর দিয়ে বলেন, জনগণের নিরাপত্তা এবং প্রার্থীদের অবাধ চলাচল নিশ্চিত করা আমাদের দায়িত্ব। দোষীরা যেই হোক, আইনের আওতায় আনা হবে।
তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত সময়ের মধ্যে তদন্ত শেষ করার এবং হামলায় জড়িত সবাইকে শনাক্ত করে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। প্রধান উপদেষ্টা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং হামলার পেছনে কোনো সংগঠিত পরিকল্পনা রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে বলেছেন।
একই সঙ্গে, তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহত ওসমান হাদীর সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
দেশের সব রাজনৈতিক পক্ষ, কর্মী-সমর্থক এবং নাগরিকদের প্রতি শান্তি ও সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা, যাতে আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হতে পারে।
Copyright © 2026 All rights reserved.