প্রকাশের তারিখঃ Dec 12, 2025 ইং
গণতন্ত্রে সহিংসতার জায়গা নেই: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন যে, গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই।
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি এই মন্তব্য করেন। তিনি মতাদর্শ নির্বিশেষে ভয়ভীতি বা শক্তির আশ্রয় নেওয়া যেকোনো পক্ষকে সম্মিলিতভাবে প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছেন। তিনি আহত হাদির দ্রুত সুস্থতা কামনা করেন এবং অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সন্ত্রাস দমনে কঠোর ব্যবস্থা নিতে বলেন।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি শুক্রবার দুপুর ২টা ৩৫ মিনিটে গুলিবিদ্ধ হন এবং তাঁকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই হামলার খবর পেয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্রুত তাঁর প্রতিক্রিয়া জানান।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনো জায়গা নেই। কোনো সময়ই না। আমাদের মতাদর্শ যাই হোক, যে কেউ ভয়ভীতি বা শক্তির আশ্রয় নিলে তাকে একসঙ্গে প্রত্যাখ্যান করতে হবে।
তিনি আরও উল্লেখ করেন, এ মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, তাতে বলা হচ্ছে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন এবং তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। আমি তার দ্রুত সুস্থতা কামনা করছি। আমি আশা করি, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সন্ত্রাস দমনে দৃঢ়ভাবে ব্যবস্থা নেবে।
Copyright © 2026 All rights reserved.