প্রকাশের তারিখঃ Dec 12, 2025 ইং
গুলিবিদ্ধ হাদি: যা বললেন সংস্কৃতি উপদেষ্টা ফারুকী
ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দেওয়া শরিফ ওসমান হাদি রাজধানীর মতিঝিল থানাধীন বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন।
শুক্রবার দুপুর ২টা ২০ মিনিটের দিকে রিকশায় যাওয়ার সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাঁকে গুলি করে দ্রুত মোটরসাইকেলে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তিনি কোমায় রয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ফেসবুকে এক পোস্টে বলেন, যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের এর মূল্য দিতে হবে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি রিকশাযোগে বিজয়নগর কালভার্ট রোড দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত হামলাকারীদের লক্ষ্যবস্তু হন। প্রত্যক্ষদর্শীরা জানান, গুলি করার পর দুর্বৃত্তরা দ্রুত মোটরসাইকেলে চড়ে ঘটনাস্থল ত্যাগ করে।
গুলির ঘটনায় গুরুতর আহত হাদিকে সঙ্গে সঙ্গে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোশতাক আহমেদ গণমাধ্যমকে জানান, শরিফ ওসমান হাদির অবস্থা খুবই গুরুতর। তাঁর মাথায় গুলি লেগেছে এবং বর্তমানে তিনি কোমায় রয়েছেন।
এদিকে, এই হামলার খবর ছড়িয়ে পড়ার পর সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন, "আমরা এখনো নিশ্চিত জানি না, কে বা কারা এটা ঘটিয়েছে। যারাই ঘটাক এটার মূল্য তাদের দিতে হবে।" তিনি ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করে বলেন, গোটা দেশ তোমার সুস্থতার প্রার্থনায়। ওরা জানে না বিপ্লবীদের শেষ করা যায় না।
প্রসঙ্গত, গুলিবিদ্ধ হওয়ার আগে হাদি বারবার বিদেশি নম্বর থেকে হত্যার হুমকি পেয়েছেন বলে অভিযোগ করেছিলেন।
ঘটনাস্থল পরিদর্শনকারী ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ গণমাধ্যমকে বলেন, বিজয়নগর এলাকায় হাদি গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে পুলিশ টিম পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের পর তিনি এ বিষয়ে জানাবেন।
Copyright © 2026 All rights reserved.