প্রকাশের তারিখঃ Dec 12, 2025 ইং
সরাসরি রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পর রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
শুক্রবার ইসি সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক পরিপত্রে জানানো হয়েছে যে, প্রার্থীর পাশাপাশি প্রস্তাবক ও সমর্থনকারীকে অবশ্যই নির্ধারিত সময়সূচি অনুযায়ী সরাসরি রিটার্নিং বা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করতে হবে। আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ এবং আগামী বছর ১২ ফেব্রুয়ারি ৩০০ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনের জারি করা পরিপত্রে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরীর নির্বাচনী এলাকার জন্য বিভাগীয় কমিশনার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সংশ্লিষ্ট মহানগরীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যান্য নির্বাচনী এলাকায় জেলা প্রশাসকদের এই দায়িত্ব দেওয়া হয়েছে।
উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) সহকারী রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া কিছু এলাকায় অতিরিক্ত জেলা প্রশাসক, সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, উপপরিচালক স্থানীয় সরকার, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার এবং উপজেলা নির্বাচন অফিসারদেরও সহকারী রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রয়োজনে তাঁরা রিটার্নিং অফিসারের দায়িত্বও পালন করতে পারবেন।
গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী, প্রজ্ঞাপন জারির পর রিটার্নিং অফিসারদের দ্রুত আসনভিত্তিক গণবিজ্ঞপ্তি জারি করতে হবে। এই গণবিজ্ঞপ্তিতে মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণের তারিখ, সময় ও স্থান উল্লেখ থাকবে। সরকারি ছুটিসহ প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ ও জমা নেওয়া হবে।
ইসি জানিয়েছে, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ৩০০ আসনে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ রাখা হয়েছে ২৯ ডিসেম্বর।
Copyright © 2026 All rights reserved.