প্রকাশের তারিখঃ Dec 13, 2025 ইং
হাদিকে গুলি: পিছনে‘বিরাট শক্তি’ঐক্যবদ্ধ থাকার ঘোষণা
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকে ‘জুলাই অভ্যুত্থান নস্যাৎ করার ষড়যন্ত্র’ হিসেবে মন্তব্য করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা বলেছেন, এই অভ্যুত্থানকে নস্যাৎ করার সব প্রচেষ্টা রুখে দিতে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ আছে, থাকবে। শনিবার (১৩ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।
বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ও হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম উপস্থিত রয়েছেন। অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলের পক্ষ থেকে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, তারাও এ বৈঠকে অংশ নিচ্ছেন।
এনসিপির মিডিয়া সেলের প্রধান মুশফিক উস সালেহীন বলেন, দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ প্রধান উপদেষ্টার আহ্বানে গেছেন। সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
শুক্রবার (১২ ডিসেম্বর) ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের শরিফ ওসমান হাদি সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হন। এ হামলার পর শুক্রবার সন্ধ্যায় যমুনায় উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য এবং আইনশৃঙ্খলা ও নিরাপত্তাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করেন প্রধান উপদেষ্টা। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডাকা ওই বৈঠকে তিনি সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
হামলার ঘটনার পর হাদির পরিবারের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন প্রধান উপদেষ্টা। হাদির ভাই ওমর বিন হাদির সঙ্গে শুক্রবার রাত ৯টায় ফোনে কথা বলেন তিনি। টেলিফোনে প্রধান উপদেষ্টা জানান, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় উপদেষ্টা পরিষদ গভীর উদ্বিগ্ন ও মর্মাহত।
Copyright © 2026 All rights reserved.