প্রকাশের তারিখঃ Dec 13, 2025 ইং
গুলিবিদ্ধ ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময় তাঁর গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে ঝালকাঠির নলছিটি শহরের খাসমহল এলাকার এই ঘটনা ঘটে। ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম জানান, পরিবারের সদস্যরা ঢাকায় চলে যাওয়ায় বাড়ি ফাঁকা ছিল। চোরেরা জানালা ভেঙে ঘরে প্রবেশ করে এবং কী পরিমাণ জিনিস চুরি হয়েছে, তা এখনো জানা যায়নি। নলছিটি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে।
ঝালকাঠির নলছিটি পৌর এলাকার খাসমহল গ্রামে শরীফ ওসমান হাদির পৈতৃক বাড়ি। শুক্রবার দুপুরে ঢাকায় নির্বাচনী প্রচারণাকালে তিনি গুলিবিদ্ধ হওয়ার খবর শুনে তাঁর পরিবারের সদস্যরা সেদিন বিকেলেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের উদ্দেশে রওনা হন।
পরিবারের অনুপস্থিতির সুযোগে শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা হাদির বাড়িতে হানা দেয়। হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম নিশ্চিত করেন যে, চোরেরা ঘরের জানালা ভেঙে ভেতরে ঢুকে। তবে কী কী মূল্যবান সামগ্রী খোয়া গেছে, তার সঠিক হিসাব এখনও পাওয়া যায়নি।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, চুরির খবর পেয়ে পুলিশ দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি বলেন, ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য, শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর এলাকায় রিকশায় থাকা অবস্থায় অস্ত্রধারীরা হাদিকে গুলি করে। মাথায় গুলিবিদ্ধ আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। পরে পরিবারের ইচ্ছায় তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে, যেখানে তিনি বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন।
Copyright © 2026 All rights reserved.