প্রকাশের তারিখঃ Dec 13, 2025 ইং
গণতন্ত্রের জন্য বিএনপিকে চোখ-কান খোলা রাখার আহ্বান খসরুর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী দলের নেতাকর্মীদের চোখ-কান খোলা রাখার আহ্বান জানিয়েছেন।
শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর ফার্মগেটে বিএনপি আয়োজিত 'দেশ গড়ার পরিকল্পনা' শীর্ষক কর্মশালার উদ্বোধনী বক্তব্যে তিনি এই আহ্বান জানান। তিনি সম্প্রতি ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি এবং চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতির ওপর হামলার ঘটনাকে 'দুঃখজনক' আখ্যা দিয়ে বলেন, বিএনপি দেশে শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সহনশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চায়। তিনি আরও বলেন, মবোক্রেসির রাজনীতি গণতন্ত্রের জন্য কাম্য নয়।
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে শুরু হওয়া এই কর্মশালায় আজ ঢাকা, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ মহানগরের নেতারা অংশ নেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমানে যে রাজনীতি চলছে তা 'মবোক্রেসির রাজনীতি'—যেখানে অপরের প্রতি অসম্মান রেখে কথা বলা হয় এবং অন্যকে ছোট করার চেষ্টা চলে। যেকোনো অজুহাতে অস্থিতিশীলতা সৃষ্টি করা হয়, যা বাংলাদেশের গণতন্ত্রের জন্য কাম্য হতে পারে না। তিনি জোর দিয়ে বলেন, বিএনপি শান্তিপূর্ণ ও সহনশীল রাজনীতির প্রত্যয় ঘোষণা করেছে এবং সেখান থেকে সরে দাঁড়ানো যাবে না।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে রাজনীতিতে নতুন জোয়ার সৃষ্টি হবে বলে মন্তব্য করেন তিনি। আমীর খসরুর মতে, সামনের নির্বাচনে জয় কেবল বিএনপির নয়, এই জয় হচ্ছে গণতন্ত্রের। তিনি বিএনপিকে 'গণতন্ত্রের মশাল বাহক' হিসেবে আখ্যায়িত করেন।
একটি সাম্প্রতিক জরিপের প্রসঙ্গ টেনে তিনি বলেন, মানুষ বিএনপিকে ভোট দিতে চায় কারণ এই দলটিকে তারা গণতন্ত্রের ধারক-বাহক মনে করে এবং এর পেছনে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের নাম এসেছে।
কর্মশালাটি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে এবং যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে দলের অন্যান্য উপদেষ্টা ও নেতারাও বক্তব্য রাখেন।
Copyright © 2026 All rights reserved.