প্রকাশের তারিখঃ Dec 13, 2025 ইং
সান্ত্বনার বাণী নয়, ব্যবস্থা নিন: অন্তর্বর্তী সরকারকে নুর
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে হাদিকে দেখতে এসে তিনি বলেন, তাঁর শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন এবং সুস্থ হওয়ার সম্ভাবনা 'খুব নগণ্য'। নুর হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার যেন 'কোনো সান্ত্বনার বাণী না শোনায়', বরং দ্রুত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, অন্যথায় তারা শান্ত থাকবেন না। তিনি দেশবাসীর কাছে হাদির জন্য দোয়া চেয়েছেন।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এভারকেয়ার হাসপাতালে ওসমান হাদির চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। এরপর সাংবাদিকদের কাছে তিনি জানান, মেডিকেলের ভাষায় হাদির বর্তমান অবস্থা খুবই গুরুতর, এবং এই কন্ডিশন নিয়ে স্বাভাবিক জীবনে ফেরা বা বেঁচে থাকার হার 'খুব নগণ্য'। তাই তিনি দেশের সব মানুষের কাছে হাদির জন্য দোয়া কামনা করেন।
নুর অভিযোগ করেন, হাদির ওপর হামলার ২৪ ঘণ্টা অতিবাহিত হলেও এ ঘটনার সঙ্গে জড়িতদের সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সরকারের মাধ্যমে খুব বেশি তথ্য জানানো হয়নি।
তিনি বলেন, হাদির আহত হওয়া দেশের সব মানুষকে মর্মাহত করেছে। এর আগে চট্টগ্রামে একজন সংসদ সদস্য প্রার্থী গুলিবিদ্ধ হলেও সেই ঘটনায় এখন পর্যন্ত কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।
অন্তর্বর্তী সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে নুর বলেন, হাদির পরিবারকে ডেকে নিয়ে সান্ত্বনা দেওয়া হয়েছে, বলা হয়েছে বিচার করবো, খুনিরা ধরা পড়বে। এ বয়ান শেখ হাসিনাও দিয়েছিলেন।
তিনি পরিষ্কারভাবে বলেন, আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে পরিষ্কারভাবে বলতে চাই, কোনো সান্ত্বনার বাণী শোনাবেন না। শেখ হাসিনার পরিণতি দেখেছেন, বিক্ষুব্ধ জনতা কীভাবে গণভবন ঘেরাও করতে গিয়েছিল। কাজেই আপনারাও যদি ওই শেখ হাসিনার মতোই সান্ত্বনার বাণী শোনান, আমাদের ঘুমপাড়ানি মাসি-পিসির গল্প শুনিয়ে শান্ত রাখতে চান, সেটি আপনারা পারবেন না।
Copyright © 2026 All rights reserved.