প্রকাশের তারিখঃ Dec 13, 2025 ইং
যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
রাজধানীর যাত্রাবাড়ী দনিয়া কলেজ এলাকায় বাসের ধাক্কায় আনোয়ারা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী বাসের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত আনোয়ারা বেগম নারায়ণগঞ্জের বাসিন্দা হলেও তিনি যাত্রাবাড়ীর দনিয়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
দুপুর দেড়টার দিকে যাত্রাবাড়ী থানার দনিয়া কলেজ এলাকায় রাস্তা পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে। পথচারী স্বপন আহমেদ বৃদ্ধা আনোয়ারা বেগমকে উদ্ধার করে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করার জন্য সংশ্লিষ্ট যাত্রাবাড়ী থানাকে জানানো হয়েছে।
নিহত আনোয়ারা বেগম নারায়ণগঞ্জের বন্দর থানার আলীসর্দি এলাকার প্রয়াত নাজিম উদ্দিনের মেয়ে ছিলেন।
Copyright © 2026 All rights reserved.