প্রকাশের তারিখঃ Dec 13, 2025 ইং
ছদ্মবেশী আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা জরুরি: নাহিদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম মন্তব্য করেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি নির্বাচন বানচালের জন্য আওয়ামী লীগের সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, এই ষড়যন্ত্রের পরিকল্পনা দিল্লিতে বসে করা হচ্ছে এবং এতে ভারত সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদদ রয়েছে। তিনি ছদ্মবেশে থাকা আওয়ামী লীগ সদস্যদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার এবং ভারতীয় দূতাবাসকে জবাবদিহির আওতায় আনার দাবি জানান।
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাহিদ ইসলাম বলেন, হাদির ওপর হামলা একটি বৃহত্তর ষড়যন্ত্রের সূচনা। এই চ্যালেঞ্জ সম্মিলিতভাবে মোকাবিলা করা এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট রাখা এখন সবচেয়ে বেশি জরুরি।
তিনি অভিযোগ করেন, এসব কার্যক্রম জঙ্গি তৎপরতার শামিল। এ কারণে বাংলাদেশে অবস্থানরত ভারতীয় দূতাবাসকে ডেকে এই বিষয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য জানতে চাওয়া উচিত। তিনি বলেন, একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত গণহত্যাকারীকে আশ্রয় দিয়ে ভারত সরকার এরই মধ্যে নৈতিক অপরাধ করেছে এবং এখন বাংলাদেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগকে সহায়তা করছে।
এনসিপির আহ্বায়ক মনে করেন, শুধু নেতা-নেত্রীদের নিরাপত্তা নিশ্চিত করলেই আন্দোলন টিকবে না। তিনি বলেন, "প্রশাসন, পুলিশ ও বিভিন্ন ছদ্মবেশে থাকা আওয়ামী লীগের লোকজনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।" জনগণের গণপ্রতিরোধই আসল নিরাপত্তা বলেও তিনি উল্লেখ করেন।
নাহিদ ইসলাম দাবি করেন, গণঅভ্যুত্থানকে স্বাভাবিকীকরণ (নরমালাইজ) করার মাধ্যমে আওয়ামী লীগকে রাজনীতির মাঠে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। মিডিয়া, টকশো এবং ভোটের মাঠে জাতীয় পার্টিকে প্রস্তুত করাসহ বিভিন্ন কার্যক্রমে আওয়ামী লীগকে পুনর্বাসনের সুপরিকল্পিত আয়োজন দৃশ্যমান।
তিনি বলেন, আওয়ামী লীগের বুদ্ধিজীবী, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীরা বিভিন্ন পরিচয়ে সমাজে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। তিনি প্রধান উপদেষ্টাকে এই বিষয়ে কঠোর হওয়ার অনুরোধ জানিয়েছেন। তিনি আরও বলেন, ওসমান হাদিকে হত্যাচেষ্টায় জড়িতদের আজকের মধ্যেই গ্রেপ্তার এবং কেবল হামলাকারী নয়, পুরো পরিকল্পনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
নির্বাচনী রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, তবে তা যেন সীমা অতিক্রম না করে, এবং আওয়ামী লীগ যাতে কোনো প্রকার সুযোগ সুবিধা না পায়—এ বিষয়ে সবাই ঐক্যমতে পৌঁছেছেন বলে তিনি জানান।
Copyright © 2026 All rights reserved.