রাগ কেন হয় :
রাগ সাধারণত তখনই হয় যখন কিছু বিষয় আমাদের মানসিক বা শারীরিক চাপ সৃষ্টি করে। বিভিন্ন কারণে আমাদের রাগ হতে পারে, যেমন:
• শহরের নিত্যদিনের যানজট মেজাজের উপর বেশ বড় প্রভাব ফেলে।
• কর্মস্থলে বা রাস্তায় কারও আচরণ যদি অবজ্ঞাসূচক হয়, তা আমাদের রাগান্বিত করতে পারে।
• অতিরিক্ত দায়িত্ব, নানা ধরনের চাপ রাগ বাড়ায়।
• ব্যক্তিগত সম্পর্কের বিভিন্ন সমস্যা রাগের অন্যতম কারণ হতে পারে।
রাগ নিয়ন্ত্রণ করার কার্যকরী কৌশল :
১. গভীর শ্বাস নিন: রাগ নিয়ন্ত্রণের জন্য নিঃশ্বাসের ব্যায়াম বেশ পুরনো ও কার্যকরী পদ্ধতি।রাগ অনুভব করার সাথে সাথেই গভীর শ্বাস নিন। ধীরে ধীরে শ্বাস নিন এবং মনের মধ্যে শান্তির অনুভূতি আনুন। এটি মস্তিষ্কে অক্সিজেনের প্রবাহ বাড়িয়ে মনকে ঠান্ডা করতে সাহায্য করে।
২. বলার আগে সময় নিন: মুহূর্তের উত্তাপে এমন কিছু বলা উচিত নয় যার জন্য পরবর্তীতে অনুশোচনা করতে হয়। রাগের মুহূর্তে আমরা এমন সব কথা বলে ফেলি যা পরিস্থিতিকে আরও সংকটময় করে তোলে।কিছু বলার আগে নিজে চিন্তা করে নিন কয়েক মুহূর্ত। ভাবুন, আপনার এই কথা বা আচরণে আরেকজনের প্রতিক্রিয়া কী হতে পারে।
৩. দ্রুত স্থান ত্যাগ করুন: যে পরিস্থিতি বা স্থানে আপনার রাগ উঠছে, সেখান থেকে সাময়িকভাবে সরে আসুন। হাঁটুন বা অন্য কোনো কাজে মনোযোগ দিন।
৪. উল্টো গণনা করুন: ১০০ থেকে উল্টো দিকে গুনতে শুরু করুন। এটি আপনার মনকে ব্যস্ত রাখবে এবং আপনার রাগের তীব্রতা কমাবে।
জীবনধারা ও কিছু দীর্ঘমেয়াদী অভ্যাস ও পরিবর্তন করুন
৫. ব্যায়াম ও মেডিটেশন: নিয়মিত ব্যায়াম এবং মেডিটেশন বা মাইন্ডফুলনেস চর্চা মানসিক চাপ কমায় এবং রাগ নিয়ন্ত্রণে সহায়তা করে।
৬. পর্যাপ্ত ঘুম: নিশ্চিত করুন যে আপনি পর্যাপ্ত ঘুমোচ্ছেন। পর্যাপ্ত ঘুম না হলে মেজাজ সারাক্ষণ খিটখিটে হয়ে থাকে।ঘুমের অভাব বিরক্তি ও রাগ বাড়িয়ে তোলে।
৭. প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন: যদি রাগ অপ্রকাশিত থেকে যায় তবে প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন। কেমন অনুভব করছেন সে সম্পর্কে বিশ্বস্ত কারো সঙ্গে যেমন বাবা-মা প্রিয় বন্ধুর সঙ্গে কথা বললে মনের ভার কমে যেতে পারে। তবে এমন কাউকে বলা উচিত নয় যিনি আপনার অনুভূতিকে সম্মান করবেন না।
৮. রাগের কারণ চিহ্নিত করুন: কোন বিষয়গুলো আপনাকে রাগান্বিত করে তা বোঝার চেষ্টা করুন। প্রয়োজনে একটি জার্নালে লিখে রাখুন। কারণগুলো জানতে পারলে তা এড়ানো বা মোকাবেলার উপায় বের করা সহজ হয়।
৯. পেশাদারী সাহায্য নিন: যদি মনে করেন কোনোভাবেই রাগ নিয়ন্ত্রণ করতে পারছেন না এবং এটি আপনার সম্পর্ক বা দৈনন্দিন কাজে নেতিবাচক প্রভাব ফেলছে, তাহলে একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ বা কাউন্সেলরের সাহায্য নিন।
১০. ক্ষমা করতে শিখুন: ক্ষমা মহৎ গুণ। পুরনো ক্ষোভ ধরে না রেখে ক্ষমা করে দেওয়ার মানসিকতা তৈরি করুন, যা আপনাকে শান্ত থাকতে সাহায্য করবে।
রাগকে দূর করা সম্ভব নয়।কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব।আমরা একটি প্রবাদের কথা সবাই জানি “রেগে গেলেন তো হেরে গেলেন”।তাই জীবনে সফল হতে হলে এই রাগকে নিয়ন্ত্রণ করতে হবে।